ইন্ধনদাতাদের আসামি না করায় ‘অসন্তুষ্ট’ বাদী, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিকাদার শহিদুর রহমানকে হাতুড়িপেটা করছেন হামলাকারীদের দুজন। সোমবার দুপুরে কুষ্টিয়া এলজিইডি কার্যালয়ের সামনে
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে এক ঠিকাদারকে হাতুড়িপেটার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটায় ভুক্তভোগী ঠিকাদার শহিদুর রহমান ওরফে মিন্টু বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ এজাহারে হামলার ইন্ধনদাতাদের আসামি না করে ‘চুনোপুঁটিদের’ আসামি করেছে বলে অভিযোগ করেছেন বাদী। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, শহিদুর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। ঠিকাদারি বিরোধ নিয়ে তারঁ ওপর হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, সোমবারের ঘটনার পর র‌্যাব প্রধান কার্যালয় থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করার নির্দেশ আসে। এরপর গভীর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে প্রথমে মোকাদ্দেস হোসেন (৩৫) নামের একজনকে আটক করা হয়। এরপর শহরের চৌড়হাস থেকে আমিরুল ইসলাম (৪৫) ও পূর্ব মজমপুর এলাকা থেকে জহুরুল ইসলামকে (৪০) আটক করা হয়। তাঁদের বিকেলে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র‌্যাব সদর দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারে যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে আটক তিনজন আছেন। এজাহারে প্রধান আসামি হিসেবে নাম উল্লেখ করা বরকত বর্তমানে পলাতক।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহিদুরকে থানায় ডাকা হয়। সেখানে কয়েক ঘণ্টা বসিয়ে রেখে বর্ণনা শুনে এজাহার লেখা হয়। এজাহারে হামলার সময় লুঙ্গি পরিহিত হামলাকারী বরকতসহ চারজনের নাম উল্লেখ রয়েছে। তবে সেখানে হামলার ইন্ধনদাতাসহ মূল অভিযুক্তদের নাম নেই।

মামলার পর ঠিকাদার শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার ইচ্ছা অনুযায়ী মামলা হয়নি। থানায় বসিয়ে রেখে পুলিশ তাদের ইচ্ছেমতো এজাহার তৈরি করে আমাকে দিয়ে জোর করে স্বাক্ষর করিয়ে নিয়েছে। এতে মূল অভিযুক্তদের বাদ দেওয়া হয়েছে। চুনোপুঁটিদের আসামি করা হয়েছে। এরা জামিনে বের হয়ে ফের হামলা করতে পারেন। এদের ইন্ধনদাতারা খুবই প্রভাবশালী।’ তিনি আরও বলেন, ‘ওসি আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। আমি নির্দেশদাতা ও হামলায় অংশ নেওয়া ক্যাডারদের প্রধানদের নাম বললেও পুলিশ তাদের আসামি করেনি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি সাব্বিরুল আলম বলেন, বাদী যেভাবে বলেছেন সেভাবেই এজাহার হয়েছে। তিনি বুঝে–শুনে ও দেখে স্বাক্ষর করেছেন। এখন যদি বাইরে গিয়ে অভিযোগ করেন, তাহলে কিছু বলার নেই। ঠিকাদারের ইচ্ছা অনুযায়ী মামলা হয়েছে। পুলিশের কোনো চাপ নেই। তাকে পুলিশ সহযোগিতা করে আসছে। তিনি জানান, র‌্যাবের হাতে আটক তিনজনকে বিকেলে থানায় হস্তান্তর করা হয়। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে এলজিইডি কার্যালয়ের সামনে হামলার শিকার হন ঠিকাদার শহিদুর রহমান। তাঁকে প্রকাশ্যে হাতুড়িপেটা করা হয়। ঠিকাদারি কাজের দরপত্রে অংশ নেওয়ার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন এই হামলা করেন বলে অভিযোগ করেন তিনি। শহিদুর একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় থাকেন।