ইন্ধনদাতাদের খুঁজে বের করতে আ.লীগের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকবাড়িয়া নদীর উত্তর মঠবাড়ি বাঁধ মেরামত করছেন স্থানীয়রা। গত ২৮ মে খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি এলাকায়।
ফাইল ছবি

খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাংসদ মো. আক্তারুজ্জামানকে কাদা ছুড়ে তাড়া করার ঘটনায় আওয়ামী লীগের কেউ ইন্ধন বা উসকানি দিয়েছেন কি না, তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করা পাঁচ সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম মুজিবুর রহমানকে। ওই কমিটিকে সাত দিনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর কমিটির সদস্যদের কাছে এ–সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়া হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খালেদিন রশিদী, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ ও সদস্য অসীত বরণ বিশ্বাস।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত ২৬ ও ২৭ মে কয়রার বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে যায়। মানুষ স্বেচ্ছাশ্রমে ওই বাঁধ মেরামত করেছেন। ১ জুন মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ করছিলেন কয়েক হাজার মানুষ। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলারে করে সেখানে যান সাংসদ আক্তারুজ্জামান। কিন্তু তাঁকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঁধটির মেরামতকাজ করতে থাকা ব্যক্তিরা। সাংসদের ট্রলারকে লক্ষ্য করে কাদা ছুড়তে থাকেন তাঁরা। একপর্যায়ে সাংসদের ট্রলার পিছু হটে নদীর অপর পাড়ে চলে যায়। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় ব্যক্তিদের শান্ত করার পর সাংসদ আবার সেখানে যান।

সাংসদকে কাদা ছুড়ে তাড়া করার ওই ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। দেশের প্রায় সব কটি পত্রিকা ও টিভি চ্যানেলে ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়। যদিও বরাবরই সাংসদ আক্তারুজ্জামান দাবি করে আসছেন, তাঁকে কেউ কাদা ছুড়ে মারেনি বা তিনিও সেখান থেকে পালিয়ে যাননি।
সাংসদ আক্তারুজ্জামান বর্তমানে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

খুলনা জেলা আওয়ামী লীগের কয়েক নেতার সঙ্গে কথা হলে তাঁরা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের কোনো সাংসদকে কাদা ছুড়ে তাড়া করার ঘটনা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ইন্ধন ছাড়া সম্ভব নয়। কারা ওই ইন্ধনদাতা, তা খুঁজে বের করতেই ওই কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া বিএনপি-জামায়াতের কোনো ইন্ধন ছিল কি না, তা–ও খুঁজে দেখা হবে।

জানতে চাইলে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি এম মোজাম্মেল হকের মৌখিক নির্দেশে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত প্রতিবেদন সরাসরি তাঁর (মোজাম্মেল হক) কাছেই জমা দিতে বলা হয়েছে।