ইপিজেডের কারখানার বর্জ্যে জমির ফসল নষ্ট
পাবনার ঈশ্বরদীতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) কারখানার বর্জ্য ও দূষিত পানির কারণে পদ্মাতীরের সাঁড়া ইউনিয়নের দুটি মৌজার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইপিজেডের কারখানার বর্জ্য সাঁড়া ও বামন মৌজার সরু নালা দিয়ে পদ্মা নদীতে অপসারণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ইপিজেডের সীমানাপ্রাচীরের কাছে দুটি জলকপাট রয়েছে। এ পর্যন্ত নালাটি পাকা। এখান থেকে সাঁড়া ঘাটের পদ্মা নদী পর্যন্ত নালা কাঁচা। পানি দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেকে চর্ম ও পেটের রোগে আক্রান্ত হওয়ার কথা জানান।
গ্রামবাসীর অভিযোগ, তাঁরা ১০ বছর ধরে এ অবস্থার মধ্যে রয়েছেন। নালাটি পাকা করার জন্য ইপিজেড কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় কৃষক মালেক ইসলাম বলেন, কয়েক বছর আগের সরু নালাটি এখন বিশাল নালায় পরিণত হয়েছে। বর্ষার সময় পানির চাপে নালার দুই পাশের মাটি ধসে যাচ্ছে। বর্তমানে বসতভিটা ধসে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় গ্রামবাসী বাঁশ ও বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকিয়ে রেখেছেন।
বামন গ্রামের রুবেল আমীন বলেন, বর্জ্য ও দূষিত পানির কারণে এবারও তাঁর দুই বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।
গেদু প্রামাণিক বলেন, দূষিত পানির কারণে তাঁর দুই বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। বর্তমানে নালার দুই পাশের জমিতে ফসল হচ্ছে না। তাঁরা ইপিজেড কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো ফল মেলেনি।
ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক রুহুল আমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে ও শোধন করে পানি অপসারণ করা হচ্ছে। প্রতিদিন দুই বেলা এটি পর্যবেক্ষণ করা হয়। দূষিত পানির কারণে ফসলের খেত নষ্ট হচ্ছে না। তিনি আরও বলেন, ইপিজেডের পানির কারণে গ্রামবাসীর ক্ষতি হলে অবশ্যই ব্যবস্থা নেবেন।