‘ইবার পয়লা পাইড়া ঢলে হাওরের ধান গেল। গত মাসে আরেকবার অইল বন্যা। এখন আবার বন্যাত আছি। মানুষ আর কত সইত। যা-ও কয়দিন কিছু পানি কমছিল, এখন আবার পানি বাড়া শুরু অইছে। ইবার দুর্ভোগ দেখি আমরার পিছ ছাড়ের না। মনও অয় সামনের ঈদটাও মানুষ ঠিকমতো করত পারত না।’ একের পর এক বন্যায় দুর্ভোগ, দুশ্চিন্তায় ক্লান্ত হয়ে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জ শহরতলির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. মুসলিম মিয়া (৪০)। এবার বন্যায় ঘরে পানি ওঠায় টানা এক সপ্তাহ পরিবারের লোকজনকে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তিনি। পানি নামায় চার দিন আগে ঘরে ফিরেছেন। এখন আবার পানি বাড়ায় আতঙ্কে আছেন।
মুসলিম মিয়ার এলাকায় একটি চায়ের দোকান আছে। এর আয়েই চলে ছয়জনের সংসার। বন্যার কারণে বিক্রি একেবারে কমে গেছে। এর মধ্যে মা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। ঘরে আবার পানি প্রবেশ করলে কী করবেন, কোথায় যাবেন—এই নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে তাঁর।
সদর উপজেলার জানিগাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৬৫) জানান, গত মাসের বন্যায় হাওরে তাঁর দুই একর জমির বোরো ধান তলিয়ে যায়। তারপরও বাকি জমি থেকে ৭০ মণ ধান গোলায় তুলতে পেরেছিলেন। এই বন্যায় ঘরে কোমরপানি ছিল। ঘরে থাকা এই ধান টানা পাঁচ দিন ছিল পানির নিচে। বন্যায় বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমরা তো একটার পর এক দুর্যোগে পইরা কাহিল অইগিছি। আর কত সইতাম। কত কষ্ট করতাম। মানুষ তো আর পারতাছে না।’
একই গ্রামের ওয়াছির আলী (৪৫) জানান, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় সড়কের পাশে খুপড়ি তুলে পরিবার, গরু-ছাগলসহ আশ্রয় নিয়েছিলেন। তাঁরও ধান নষ্ট হয়েছে ৪০ মণের মতো। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়াছির আলী বলেন, ‘এখন কীভাবে ঘরের কাজ করমু, কীভাবে খাইমু, এই নিয়ে চিন্তায় ঘুম নাই। ইলা বিপদে কোনো দিন পড়ছি না।’
সদর উপজেলার রঙ্গাচর গ্রামের বাসিন্দা মমিন ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের মালিক তরুণ ব্যবসায়ী আবদুল আলীম (৪২) জানান, প্রথম দফা বন্যায় তাঁর মাছের খামারের আংশিক ক্ষতি হয়েছিল। কিন্তু এবারের বন্যা সব ভাসিয়ে নিয়ে গেছে। তাঁর অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। আবদুল আলীম বলেন, ‘শুধু আমি না, একের পর এক বন্যায় সুনামগঞ্জের মাছচাষিরা দিশেহারা। অনেককেই পথে বসতে হবে। এই ক্ষতি কোনোভাবেই পোষানো যাবে না। একবার ক্ষতি হলে মেনে নেওয়া যায়, বারবার হলে তো দাঁড়ানো কঠিন।’
‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক বলেন, ‘টানা তিন মাস ধরে হাওর এলাকার মানুষের ওপর দিয়ে ঝড় যাচ্ছে। মানুষের ঘরবাড়ি নাই, কাজ নাই, খাবারের সংকট চলছে, সম্পদের বিপুল ক্ষতি হচ্ছে। মানুষ কতটা সহ্য করবে। এই বিপদ থেকে শিগগিরই মুক্তি মিলবে বলে মনে হচ্ছে না। মাঝখানে একটু আশা জাগলেও এখন দেখি আবার পরিস্থিতির অবনতি হচ্ছে। মানুষ যাবে কোথায়?’
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘এবার আসলেই সুনামগঞ্জে মানুষ বড় বিপদে পড়েছেন। সেই এপ্রিল থেকে শুরু হয়ে এখনো মানুষ একটার পর একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন। এখন যে বন্যার মধ্যে আমরা আছি, এটার ক্ষতি তো ব্যাপক ও দীর্ঘমেয়াদি।’
সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা প্রথম আলোকে বলেছেন, বন্যায় সুনামগঞ্জের অর্থনীতির এমন কোনো খাত নেই যেটা ক্ষতিগ্রস্ত হয়নি। ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো ক্ষতির মধ্যেই আছেন। বন্যা যত দীর্ঘ হচ্ছে, মানুষের দুর্ভোগ ও সম্পদের ক্ষতি ততই বাড়ছে। সুনামগঞ্জে এর আগে এত দীর্ঘ সময় কখনো বন্যার পানি থাকেনি।
সুনামগঞ্জে এবার প্রথম দফা পাহাড়ি ঢল নামে এপ্রিল মাসের প্রথম দিকে। এই ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ও বাঁধ উপচে জেলার ছোট-বড় ২০টি হাওরের প্রায় সাত হাজার হেক্টর বোরো ধানের ক্ষতি হয়। এ সময় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাটের কোনো ক্ষতি হয়নি। এরপর সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা দেখা দেয় গত ১৩ মে। এ সময় আবার ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক হাজার হেক্টর বোরোর। এই বন্যায় বেশি আক্রান্ত ছিল জেলার ছাতক, দোয়ারাবাজার, সদর, তারিহপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা। অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তখন।
এই বন্যার রেশ কাটতে না কাটতেই জুন মাসের ১৪ তারিখ থেকে আবার তৃতীয় দফায় বন্যা দেখা দেয় সুনামগঞ্জে। ১৬ জুন থেকে এই বন্যা ভয়াবহ রূপ নেয়। জেলাজুড়ে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, ধান, মাছের ব্যাপক ক্ষতি হয়। পৌর শহরে চার থেকে সাতফুট পানি ছিল টানা চার দিন। এ সময় সুনামগঞ্জ সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মুঠোফোনের নেটওয়ার্ক ছিল বন্ধ। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় ঠাঁই নেন। সরকারি হিসেবেই ৬২০টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে প্রায় ২০ হাজার। ২৫ হাজার পুকুরের মাছ ভেসে গেছে। সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার কিলোমিটার। সরকারি হিসেবেই এই বন্যায় এখন পর্যন্ত জেলার সাড়ে চার লাখ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাঝখানে পানি কমে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায়, মানুষজন বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু এখন আবার বৃষ্টি ও ঢলে পানি বাড়তে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, পানি কিছুটা বাড়লেও পরিস্থিতি আগের মতো ভয়াবহ হবে না।