ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতাকে পিটিয়ে আহত

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতা গোলাম নবীকে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি এখন ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ফরিদপুর, ১৮ আগস্টছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ফরিদপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সরকারি তিতুমীর বাজারের (নিউমার্কেট) আহ্বায়ক কমিটির সহসভাপতি মো. গোলাম নবীকে (৪৯) পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে নিউমার্কেটে এ ঘটনা ঘটে।

ওই মার্কেটের দুটি দোকানের মালিক ও কর্মচারীরা তাঁকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী নেতা গোলাম নবী বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিউমার্কেটে এক তরুণী ও তাঁর অভিভাবক কেনাকাটা করতে এলে ওই তরুণীকে ইভ টিজিং করেন মানিক স্টোর ও রিমন স্টোরের মালিক ও কর্মচারীরা। ওই তরুণী প্রতিবাদ করলে তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করেন তাঁরা। ঘটনাটি মার্কেটের আহ্বায়ক কমিটির সহসভাপতি ও শহরের আলীপুর মহল্লার বাসিন্দা মো. গোলাম নবীকে জানানো হয়। তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ওই দুই দোকানের মালিকদের কাছে গিয়ে বিষয়টি জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই দুই দোকানের লোকজন রড ও হকিস্টিক দিয়ে গোলাম নবীকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালে চিকিৎসাধীন গোলাম নবী বলেন, ‘তরুণীকে ইভ টিজিংয়ের বিষয়ে জানতে চাইলে মানিক স্টোরের মালিক মীর আবদুর রহিম বাদলের ভাই মানিক, দীপু, টিপু, বোনজামাই রিমন এবং রিমন স্টোরের মালিক–কর্মচারীসহ আমার ওপর হামলা করে। একপর্যায়ে আমি জীবন বাঁচাতে মার্কেট থেকে দৌড়ে ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে পড়ে যাই। থানা-পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’

মার্কেটটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুজ্জামান বলেন, ঘটনাটি জঘন্য ও নিন্দনীয়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁদের শাস্তি দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘অভিযুক্ত দোকান ব্যবসায়ী ও কর্মচারীদের বিরুদ্ধে ইতিপূর্বে এই রকম আরও কয়েকটি ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে সালিসও হয়েছে। একবার ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছে তারা। গত বছর রিমন স্টোরে এ ধরনের ইভ টিজিংয়ের ঘটনা ঘটালে ফরিদপুরের র‌্যাব-৮ তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়।’

অভিযোগের বিষয়ে মানিক স্টোরের মালিক মীর আবদুর রহিম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তবে ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তিনি বলেন, ‘এমন একটি হামলার ঘটনায় সত্যিই লজ্জা পাচ্ছি। তবে এ ঘটনার সঙ্গে আমার পরিবারের লোক জড়িত থাকলে অবশ্যই আমিও তাঁদের শাস্তি চাই।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।