‘ইভিএম স্লো, ভোটাররা নিয়ম বোঝেন না, পাগল হয়ে যাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: তানভীর আহাম্মেদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট নিয়ে বেশ কিছু বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে। অনেকের আঙুলের ছাপ মিলছিল না, অনেকে আবার কীভাবে ভোট দিতে হবে বুঝতে পারছিলেন না। সব মিলিয়ে অনেক সময় লেগে যাচ্ছিল। এক দিকে ভোটারের লম্বা লাইন, অন্য দিকে ধীর গতিতে ইভিএমে ভোট নিয়ে চাপের মধ্যে ছিলেন ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

আজ রোববার সকাল ৮টার দিকে দুই বছরের ছেলেকে কোলে করে বন্দর ১৯ নম্বর ওয়ার্ডের শান্তি নগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন আসমা বেগম। সাড়ে ছয় ঘণ্টার ক্লান্তিকর অপেক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তিনি ভোট কক্ষে প্রবেশ করেন। আরও ২০ মিনিট অপেক্ষার পর দুই দফার চেষ্টায় ভোট দিতে পারেন তিনি।

আসমার অপেক্ষা ফুরালেও অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোট দিতে পারেননি। দীর্ঘ অপেক্ষার পর দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলে তাদের অনেকেই বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি ফিরে যান। এই ভোগান্তির জন্য ইভিএম পদ্ধতি ও নির্বাচনের আয়োজকদের দিকে আঙুল তুলছেন ভোটাররা।

সোনারগাঁ থেকে বন্দরের মদনগঞ্জে ভোট দিতে এসেছেন গৃহিণী উর্মিলা আক্তার। বেলা ১১টায় এসে দুপুর দেড়টার দিকে ভোট কক্ষে ঢুকতে পারলেও ভোট দিতে পারেননি তিনি। দুপুর দুইটার দিকে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কথা হয় তাঁর সঙ্গে। ভোট না দিতে পারার কারণ জানতে চাইলে বলেন, ‘আমার আঙুলের ছাপ নেওয়ার পর ছবিও আসছে। কিন্তু ভোট দিতে পারিনি। কেন পারিনি তা বুঝি নাই।’

উর্মিলার ভোটকক্ষের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের কাছে কারণ জানতে চাইলে বলেন, 'এমন হচ্ছে। আরও পাঁচজনের এমন হয়েছে।’

ওই কেন্দ্রের বাইরে তখন শত শত ভোটার দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় ভোটারদের সঙ্গে আনসার সদস্যদের ধাক্কাধাক্কি হয়।

ওই কেন্দ্রের ৫ নম্বর ভোটকক্ষের ভেতরে ভোটারদের ভিড় দেখা যায়। একটি কক্ষেই দুটি বুথে প্রায় ৮ শ ভোটারের ভোট পড়ে। তাদের কারও আঙুলের ছাপ মিলছে না, আবার কারও আঙুলের ছাপ মিললেও ভোট দেওয়ার নিয়ম বুঝতে পারছেন না। ভিড় সামলানো থেকে শুরু করে আঙুলের ছাপ মেলানো আর ভোটের নিয়ম বুঝিয়ে দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা নাহিদুল ইসলাম।

বিকেল তিনটার দিকে প্রিসাইডিং কর্মকর্তা নাহিদুল ইসলাম বলেন, 'এই কেন্দ্রে ৩ হাজার ১৮১ জন ভোটার। মাত্র চারটি কক্ষে আটটি বুথ। এত এত ভোটার আশা নিয়ে ভোট দিতে এসেছেন। ইভিএম স্লো। ভোটাররা নিয়ম বোঝেন না। আমি পাগল হয়ে যাচ্ছি। তারা গোপন কক্ষে গিয়ে সময় নষ্ট করছেন। এমনও হয়েছে একজন নারী একটি ভোট দিতে ২০ পর্যন্ত মিনিট সময় নিয়েছেন। তাঁরা আমাদের সাহায্য চান। গোপন কক্ষে সাহায্য করার নিয়ম নেই। ভোটাররা ভোট দিতে এসে বিরক্তি নিয়ে ফিরে যাচ্ছেন, আমি কিছুই করতে পারছি না।’

আজ বিকেল ৩টা পর্যন্ত বন্দরের ৫টি ওয়ার্ডের অন্তত ১১টি কেন্দ্র ঘুরে সবগুলোতেই ধীর গতিতে ভোটগ্রহণের অভিযোগ পাওয়া গেছে। উর্মিলার মতো অন্তত ১৩ জন ভোট না দিতে পেরে বিরক্তি আর হতাশা নিয়ে বাড়ি চলে যাওয়ার কথা জানিয়েছেন।