ইভিএমে ধীরগতি, গোপন কক্ষে সাহায্যকারী পোলিং কর্মকর্তা
বাঁশখালীর ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থায় আজ বুধবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে ভোটারদের। বিশেষ করে নারীদের ভোট দিতে বেশি সময় লেগেছে। এ কারণে ভোট দেওয়ার সময় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভোটাররা ডেকে নেন বলে জানান প্রিসাইডিং কর্মকর্তারা।
বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টায় দেখা যায় নারী–পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। এক ঘণ্টায় এখানে ১৪০টি ভোট পড়ে। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আবু বক্কর মো. সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ইভিএমে ভোট দিতে অনেকে সময় নিচ্ছেন বেশি। বিশেষ করে নারীদের ভোট দিতে বেশি সময় লাগছে। অনেকে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সহযোগিতা নিচ্ছেন।
বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় দেখা গেছে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন। ধীরগতিতে এগোচ্ছিল লাইন। অনেকে তিন ঘণ্টা ধরে ভোটদানের জন্য অপেক্ষা করছিলেন। প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল কান্তি দত্ত বলেন, ইভিএমের বিষয়টি অনেকে বুঝতে পারছেন না। তাই কিছুটা দেরি হচ্ছে।
পূর্ব কোকদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় মোট ভোট পড়ে ৬৮৪টি। এর মধ্যে নারী ভোট তুলনামূলক কম, ২৪১ ভোট। প্রিসাইডিং কর্মকর্তা বাবুল দাশগুপ্ত বলেন, পুরুষদের একটি ভোট দিতে দুই মিনিটের বেশি এবং নারীদের প্রায় পাঁচ মিনিট সময় লাগছে। অনেকে বিষয়টি বুঝতে পারছেন না।
সবিতা রুদ্র নামে এক ভোটার বলেন, ‘দুই ঘণ্টা আগে এসেছি। এখনো ভোট দিতে পারিনি। আর দাঁড়াতে না পেরে বারান্দায় এসে বসেছি।’
কালিপুর নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাকে গোপন কক্ষে ভোটারকে সাহায্য করতে দেখা যায়। প্রিসাইডিং কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাঝেমধ্যে দু–একজন ভোটারকে কীভাবে ভোট দেবে তা বলে দিচ্ছেন।
দুই ইউনিয়নে নৌকার প্রার্থীর অনুসারীরা গোপন কক্ষে
তবে সরল ইউনিয়ন ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দুপুরের পর নৌকার প্রার্থীর অনুসারীরা গোপন কক্ষে ভোটারের সঙ্গী হয়েছেন। সরল ইউনিয়নে নৌকার প্রার্থী ছিলেন রশিদ আহমদ চৌধুরী। তিনি স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা। আর বাহারছড়া ইউনিয়নে নৌকার প্রার্থী তাজুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি। তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী।
বেলা তিনটার দিকে সরল ইউনিয়নের মিনজিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, প্রতিটি কক্ষে নৌকার ব্যাজ গলায় দিয়ে তরুণদের আনাগোনা। গোপন কক্ষে ভোটারদের সঙ্গে তাঁরাও ঢুকছেন। ৮ নম্বর কেন্দ্রে রিয়াজ উদ্দিন নামে একজন নারী ভোটারদের সঙ্গে গোপন কক্ষে ঢুকে নৌকা প্রতীকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ।
এ সময় জানতে চাইলে রিয়াজ উদ্দিন বলেন, ‘আমি বেশি কিছু করিনি। লাইন ঠিক করে দিচ্ছি। যাঁরা ভেট দিতে পারছেন না, তাঁদের সাহায্য করছিলাম।’
কক্ষটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কামাল উদ্দিন এ বিষয়ে বলেন, ‘আমি নিষেধ করেছি কক্ষে ঢুকতে।’
ভেতরে যখন এই অবস্থা চলছিল, তখন বাইরে বিজিবি ও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক মো. আকরাম বলেন, ‘গোপন কক্ষে লোক ঢুকছে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।’
এই কেন্দ্রে দুপুর ১২টার দিকে দুই নারী সদস্য প্রার্থীর অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাঁরা হলেন রাশেদা বেগম ও আবেদা সুলতানা। এ কারণে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত।
একইভাবে বাহারছড়ায়ও বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকার প্রার্থীর পক্ষে ভোট নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে আঙুলের ছাপ নিলেও আর ভোট দিতে দেয়নি বলে একাধিক ভোটার অভিযোগ করেছেন। তাঁরা জানান, আঙুলের ছাপ দেওয়ার পর, গোপন কক্ষে গিয়ে ভোট দিয়েছেন নৌকা প্রার্থীর লোকজন।
ভোটার অপারগ হলে স্বজন সহযোগিতা করতে পারবেন
জানতে চাইলে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কক্ষে ঢোকার কোনো সুযোগ নেই। কোনো ভোটার অপারগ হন, তাহলে তাঁদের আত্মীয়স্বজন তাঁদের সহযোগিতা করতে পারবেন। যদি এ ধরনের অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখা হবে।
নৌকার প্রার্থীর পক্ষে সরল ও বাহারছড়ায় জোরপূর্বক ভোট গ্রহণ প্রসঙ্গে ফয়সাল আলম বলেন, কিছু অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে সুবিধা করতে পারেনি কেউ।