ইমরানের মেডিকেলে ভর্তির টাকা দিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক
দরিদ্র ভ্যানচালকের ছেলে ইমরান হক মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে প্রথম আলোতে এই সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের উদ্যোগে প্রাথমিকভাবে সেই শঙ্কা দূর হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মো. জহুরুল ইসলাম ইমরানকে ফুলের শুভেচ্ছাসহ ভর্তির খরচ বাবদ ২৫ হাজার টাকার চেক দিয়েছেন। তিনি একই সঙ্গে ইমরানের পরবর্তী এক বছর মেডিকেলে লেখাপড়া খরচের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
চেক দেওয়ার সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জয়শ্রী রানী রায়, ইমরান হকের বাবা আইজদ্দীন হক, মা আনজুয়ারা বেগমসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার ‘পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় মেডিকেলে চান্স পাওয়া ইমরান’ শিরোনামে প্রথম আলোর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। পরদিন মঙ্গলবার প্রথম আলোর প্রথম পাতায় ‘অটুট লক্ষ্যে এমন সাফল্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ইমরানের সাফল্য ও মেডিকেলে ভর্তির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরা হয়। ইমরানকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশের পর অনেকেই তাঁর ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে মুঠোফোনে যোগাযোগ করছেন।
ইমরান হক বলেন, ‘মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে জেলা প্রশাসক আমাকে ভর্তির জন্য ২৫ হাজার টাকার চেক দিয়েছেন। তিনি পরবর্তী সময়ও আমাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি প্রথম আলো ও পঞ্চগড়ের জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞ।’
ইমরান হক বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের খেরবাড়ি গ্রামের ভ্যানচালক আইজদ্দীন হকের ছেলে। ১৬ শতক ভিটেবাড়ি ছাড়া ইমরান হকের পরিবারের আর কোনো আবাদি জমি নেই। ইমরানের বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। আর্থিক টানাপোড়েনে অনেক সময় ইমরানের মাকেও দিনমজুরের কাজ করতে হয়।
এক ভাই দুই বোনের মধ্যে ইমরান বড়। ২০১৯ সালে স্থানীয় সাকোয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০২১ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন ইমরান। দুটোতেই জিপিএ-৫ পেয়েছেন তিনি। এ বছর অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ইমরানের অবস্থান ৩৯২৫। তালিকা অনুযায়ী, ইমরান মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
ইমরানের মা আনজুয়ারা বেগম বলেন, ‘পত্রিকায় আমার ছেলের খবর দেখে ডিসি স্যার ফোন করেছেন। ছেলের ভর্তির টাকার জন্য চিন্তা ছিল। ডিসি স্যার সেইটা দূর করলেন। দোয়া করবেন, ছেলেটা যেন ভালো ডাক্তার হয়ে আমাদের মতো গরিবদের সেবা করতে পারে। ছেলের পড়ালেখার খরচ জোগার হয়ে গেলে ছোট মেয়ে দুটোকেও মানুষ করতে পারব।’
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম আলোর প্রতিবেদন দেখেই তিনি ইমরানের সাফল্যের কথা জানতে পেরেছেন। প্রাথমিকভাবে ইমরানের মেডিকেল কলেজে ভর্তির খরচ দেওয়া হয়েছে। ভর্তির পর ইমরান এক বছরের খরচের হিসাব জানালে সেই খরচের ব্যবস্থাও করা হবে। এ ছাড়া ইমরান ও তাঁর পরিবারের যেকোনো সহায়তার জন্য জেলা প্রশাসন সব সময়ই তাঁদের পাশে থাকবে।