চাঁদপুর
ইলিশ নিয়ে যত কারবার
ইলিশকে ঘিরে প্রায় ১০০ বছর আগে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠে ইলিশের বিশাল হাট। এটি এখন চাঁদপুর মাছঘাট হিসেবে পরিচিত। জাতীয় মাছ ইলিশ এই জেলার নদীগুলোতেই সবচেয়ে সুস্বাদু হয়। চাঁদপুরের ইলিশের স্বাদ ভোলা যায় না। জেলার ব্র্যান্ডিংয়ের জন্য তাই বেছে নেওয়া হয়েছে ইলিশ মাছকে। জেলায় ঢুকলেও এর প্রমাণ মেলে।
চাঁদপুর শব্দের সঙ্গে অবধারিতভাবে চলে আসে ইলিশের কথা। জাতীয় মাছ ইলিশ এই জেলার নদীগুলোতেই সবচেয়ে সুস্বাদু হয়ে বড় হয়। যিনি একবার চাঁদপুরের ইলিশ খান, তিনি এর স্বাদ ভুলতে পারেন না। তাই এই ইলিশ ঘিরেই হয়েছে জেলার ব্র্যান্ডিং। চাঁদপুর এখন হয়ে গেছে ইলিশের বাড়ি।
এই যে ইলিশ ঘিরে একটা জেলার পরিচিত আনুষ্ঠানিক রূপ পেল, এর পেছনে আছেন সরকারি কর্মকর্তা। নাম মো. আবদুস সবুর মণ্ডল। তিনি ২০১৭ সালে চাঁদপুরের জেলা প্রশাসক থাকার সময় ইলিশকে জেলার ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেন। চাঁদপুরের বিশিষ্টজনদের সঙ্গে আলাপ করে ইলিশের প্রজনন, উৎপাদন ও বেচাকেনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, মৎস্য কর্মকর্তা ও ইলিশ গবেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশকে ঘিরে প্রায় ১০০ বছর আগে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠে ইলিশের বিশাল হাট। যেটি এখন চাঁদপুর মাছঘাট হিসেবে পরিচিত। এই ঘাটে ইলিশের মৌসুমে যেমন ক্রেতাদের ভিড় থাকে, অন্য সময়ও কাছাকাছি ধরনের ভিড় হয়। দেশের ক্রেতা যেমন থাকেন, থাকেন দেশের বাইরের ক্রেতাও। দাম যা–ই হোক, ইলিশপ্রেমীরা পছন্দের মাছটি নিতে পিছপা হন না। বাজার ঘুরে দরদাম করে ইলিশ নিয়ে বাড়ি ফেরাতেই তাঁদের সব আনন্দ!
এই মাছঘাটের প্রবীণ ইলিশ বিক্রেতা ও মৎস্য বণিক সমিতির ১৯৭৬ সালের সাধারণ সম্পাদক সেকান্দর আলী সরকার বলেন, ‘সাল মনে পড়ছে না, তবে আমি পাকিস্তান আমল থেকে এই মাছঘাটে ইলিশ বিক্রি করি। ২০০০ সালে আমার ছেলেকে মাছ বিক্রির কাজে বসিয়ে অবসর নিই।’ তাঁর ভাষ্য, চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত প্রচুর ইলিশ ধরা পড়ত। তখন জেলে ও মাছ ব্যবসায়ীর সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিলেন। জেলেরা জাল ফেললেই ইলিশে ভরে যেত। পরে তাঁরা এসব ইলিশ পণ হিসেবে (৮০টি ইলিশে এক পণ) ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এক পণ ইলিশের দাম ছিল ৫ টাকা। দেশ স্বাধীন হওয়ার পর প্রতি মণ ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় কেনাবেচা হতো। এখন সেই ইলিশ ৪০ থেকে ৫০ হাজার টাকায় মণে কেনাবেচা হয় এই ঘাটে।
চাঁদপুর মাছঘাটের আড়তদার মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার বলেন, এই মাছঘাটে ইলিশ কেনাবেচা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের নিয়ে বড় স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে ১৯৭৫ সালে গঠিত হয় মৎস্য বণিক সমিতি। বর্তমানে এই সমিতিতে ২৮৭ জন সদস্য আছেন। তাঁদের অধিকাংশই বংশপরম্পরায় এখনো ইলিশ ব্যবসার সঙ্গে জড়িত। এসব সদস্যের মাধ্যমে প্রতিদিন সারা দেশে, এমনকি বিদেশেও শত শত মণ ইলিশ কেনাবেচা হয়। তবে এখন এর অধিকাংশ ইলিশ আসে সাগরমোহনা থেকে। নানা কারণে চাঁদপুরের পদ্মা–মেঘনায় আর আগের মতো ইলিশ পাওয়া যায় না। পেলেও সহজ যোগাযোগব্যবস্থার কারণে এই ঘাটে আগের মতো ইলিশ কেনাবেচা নেই। এই মাছ রেলপথ দিয়ে সিলেট ও চট্টগ্রাম, আখাউড়া দিয়ে ভারতে এবং নৌপথে গোয়ালন্দ হয়ে সারা দেশে চলে যায়।
ইলিশ নিয়ে গবেষণার জন্য চাঁদপুরে গড়ে উঠেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আশির দশকের মাঝামাঝি এখানে শুরু হয় ইলিশ নিয়ে গবেষণা। বর্তমানে ১৪ জন বিজ্ঞানী ইলিশ নিয়ে দুই ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রথম ধরনের গবেষণা ইলিশের মজুতসংক্রান্ত। দ্বিতীয় ধরনটি ইলিশের প্রজনন বা বংশবিস্তার নিয়ে। এখানকার গবেষকদের দাবি, এই গবেষণার কারণে ২০০৪ সালের পর থেকে ইলিশের উৎপাদন বাড়ছে। তাদের প্রায় ৩৩ বছরের গবেষণার সফলতায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় তিন গুণ।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, ‘১৯৮৬-৮৭ সালে দেশে ইলিশ নিয়ে প্রথম গবেষণা শুরু হয়। ১৯৮৮ সালে ইলিশের পরিচয়, তার প্রজাতি, বসবাস ও চলাচল নিয়ে গবেষণা শুরু করি। আমরা শুরু থেকে ইলিশ নিয়ে সাগরে ও নদ–নদীতে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছি। এ জন্য অধিকাংশ সময় আমাদের সাগর বা নদীতে থাকতে হয়। পাশাপাশি মৎস্য অধিদপ্তর ও ইনস্টিটিউটেও এই ইলিশ নিয়ে সারা বছরই নানা ধরনের কাজ চলছে। আমাদের এই গবেষণায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। আজ আমাদের গবেষণার ফলে সরকারও ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে।’
এই ইলিশ গবেষক বলেন, ২০০০ সালের দিকে সারা বছর ইলিশের উৎপাদন ছিল এক থেকে দেড় লাখ টন। তবে ২০০৩-০৪ সালে উন্নত ইলিশ ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করে জাটকা সংরক্ষণ পদ্ধতির ওপর কাজ হলে ইলিশ উৎপাদনও বাড়তে থাকে। পরবর্তী সময়ে ধাপে ধাপে নদী ও সাগরে জাটকা সংরক্ষণের পাশাপাশি মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে ইলিশ উৎপাদন আরও বাড়তে থাকে।
গবেষকেরা বলছেন, ইলিশের তিনটি প্রজাতি আছে। সেগুলোর মধ্যে আছে পদ্মার রুপালি ইলিশ, যেটি আকারে বড় এবং স্বাদে–গন্ধে অতুলনীয়। এই ইলিশের চাহিদা দেশ–বিদেশে অনেক বেশি। অন্য দুটি জাতের মধ্যে একটি চন্দনা ইলিশ, অন্যটি গুর্তা ইলিশ। এগুলো আকারে ছোট ও স্বাদও কম। এদের অবস্থান সাগরেই বেশি।
ইলিশ বেশির ভাগ সময় সাগরে থাকে। তবে প্রাপ্তবয়স্ক ইলিশ ডিম ছাড়ার জন্য আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আস্তে আস্তে সাগরের লোনা পানি থেকে নদীর মিষ্টিপানির দিকে আসে। ডিম ছাড়ার পর আবার সাগরে ফিরে যায়। নিরাপদে ইলিশের ডিম ছাড়া নিশ্চিত করতে প্রতিবছর ২২ দিন (অক্টোবর থেকে নভেম্বর) নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। নভেম্বর থেকে জুন—এই আট মাস ইলিশ মিষ্টিপানির নদী পদ্মা–মেঘনায় অবস্থান করে। জুন মাসের দিকে জাটকায় রূপ নেয়। এদের নির্বিঘ্নে বড় হওয়া নিশ্চিত করতে মার্চ–এপ্রিল নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। জুনের পর থেকে তারা দলে দলে আবার সাগরে ফিরতে থাকে। এরপর এই চক্র চলতেই থাকে।