ইলিশ শিকারের সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় একজন আহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় পদ্মা নদীতে দুর্ঘটনাটি ঘটে।
এই তিনজন হলেন উপজেলার দেওয়ানকান্দি গ্রামের মহিউদ্দিন (২৬), আল আমিন (৩৬) ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আহত হয়েছেন ঢালীকান্দি গ্রামের সাগর প্রধানিয়া (২৫)। তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করছিলেন জেলেরা। ভোর ৫টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান। একজন আহত হন। নৌকায় থাকা বাকি তিনজন নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পান।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস সরকার বলেন, বজ্রপাতে মৃত তিন জেলের দাফন সম্পন্ন হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ প্রথম আলোকে এসব খবরের সত্যতা নিশ্চিত করেন।