ইলিশ সাগর থেকে বাধা ছাড়াই পদ্মায় আসছে, তাই বেশি ধরা পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুল করিম

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। দাম কমায় বিক্রির পরিমাণও বেড়েছে। গত এক সপ্তাহ আগে সোয়া থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হতো ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। সেই ইলিশ এখন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিমের সঙ্গে।  

প্রশ্ন:

প্রথম আলো: মুন্সিগঞ্জের পদ্মা নদীতে সাধারণত কোন মৌসুমে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়?

শামসুল করিম: সাধারণত প্রতিবছর অক্টোবর মাসে অমাবস্যা ও পূর্ণিমার সময় পদ্মা নদীতে প্রচুর ইলিশ মাছ থাকে। যদিও ওই সময় নদীতে জাল ফেলা, মা ইলিশ ধরায় জেলেদের প্রতি নিষেধাজ্ঞা থাকে। এ ছাড়া আগস্ট-সেপ্টেম্বর মাসে নদীতে ইলিশের প্রাচুর্য থাকে। তখন জেলেদের জালে বড় আকারের রুপালি ইলিশ ধরা পড়ে।

প্রশ্ন:

প্রথম আলো: এবার মার্চে লৌহজংয়ে পদ্মায় এত ইলিশ পাওয়ার কারণ কী?

শামসুল করিম: গত কয়েক বছরের তুলনায় দেশে ইলিশ মাছ বেড়েছে। সাধারণত সাগর থেকে মাছ ভোলা, পটুয়াখালী, বড়গুনা, বরিশাল হয়ে চাঁদপুরে আসে। চাঁদপুর থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে আসত। তখন ওই সব এলাকায় নদীতে পাতা জালগুলো ভেদ করে মাছ আসত। এর ফলে মাছ তুলনামূলক কম পাওয়া যেত। তবে অভয়াশ্রমের জন্য ১ মার্চ থেকে দক্ষিণাঞ্চলের ওই সব জেলার নদীতে মাছ ধরা ও জাল ফেলায় নিষেধাজ্ঞা চলছে। ফলে মাছ সাগর থেকে কোনো বাধা ছাড়াই পদ্মা নদীতে চলে আসতে পারছে। এতে মুন্সিগঞ্জ অংশে আগের চেয়ে বেশি ইলিশ ধরা পড়েছে।

প্রশ্ন:

প্রথম আলো: সামনের বছরগুলোতে আরও ইলিশ পেতে মৎস্য অফিসের বিশেষ কোনো উদ্যোগ থাকবে?

শামসুল করিম: আমরা প্রতিবছর মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে কঠোর অভিযান পরিচালনা করে থাকি। যার কারণে কয়েক বছর ধরে নদীতে ইলিশের প্রাচুর্য দেখা যাচ্ছে। বছর বছর এর পরিমাণ বেড়েই চলেছে। এবার এ সময় পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার এটাও একটা কারণ। ইলিশ সম্পদ বাড়াতে পরবর্তী সময়গুলোতে আমাদের আরও কঠোর নজরদারি থাকবে।

প্রশ্ন:

প্রথম আলো: ইলিশে সমৃদ্ধ হতে জেলে ও ভোক্তাদের প্রতি কোনো পরামর্শ আছে আপনাদের?

শামসুল করিম: দেশকে ইলিশ সম্পদে আরও সমৃদ্ধিশালী করতে হলে জেলে ও ভোক্তাদের সবাইকে সচেতন হতে হবে। জেলেদের স্বার্থে নদী থেকে ২৫ সেন্টিমিটারের নিচের কোনো জাটকা ধরা যাবে না। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো জেলে নিষেধাজ্ঞার সময় জাটকা ও মা ইলিশ বিক্রি করার জন্য আনেন, ক্রেতাদের জাতীয় সম্পদ রক্ষায় সেগুলো কেনা ও খাওয়া বন্ধ করতে হবে। এতে দেশ ইলিশে সমৃদ্ধ হবে।