ইশতেহারে বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিশ্রুতি চান ভোটাররা
নির্বাচনী ইশতেহারে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও খাল দূষণ প্রতিরোধ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান ভোটাররা। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের এমন প্রতিক্রিয়া জানা গেছে।
আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। নির্বাচনী মাঠে শহরের বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় ইস্যু মনে করছেন অনেকেই। পৌর এলাকার ভেতরে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায়। এ বিষয়ে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সভাও হয়েছে। কিন্তু এত বিশাল একটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে ওঠেনি। অথচ এক যুগ ধরে এলাকাটি ক্রমেই শিল্পঘন হচ্ছে। বাড়ছে বর্জ্য উৎপাদনের পরিমাণ। যত্রতত্র ময়লা ফেলায় এখানে পরিবেশ মারাত্মক দূষণের সম্মুখীন।
গত সোমবার দুপুরে পৌরসভার পাথারপাড় সেতুর কাছে ময়লার সামনে খালের দূষণ ঠেকাতে মানববন্ধনে দাঁড়ান অর্ধশত মানুষ। তাঁদের মানববন্ধনের মূল দাবি ছিল বর্জ্য ব্যবস্থাপনা ও খাল দূষণ রোধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে স্পষ্ট করে জানানো। মানববন্ধনকারীদের অভিযোগ, পৌরসভাসহ আশপাশের অসংখ্য শিল্পবর্জ্য লবলং খালের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। গড়গড়িয়া মাস্টারবাড়ি ও মাওনা পাথারপাড় এলাকায় রাতদিন জমা হচ্ছে পচনশীল-অপচনশীল বর্জ্য। মানববন্ধনে অংশ নেওয়া নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরি বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা অত্যন্ত জরুরি। শ্রীপুরের পৌরসভা এলাকাসহ সব জায়গায় যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। এ বিষয়গুলো ইশতেহারের মাধ্যমে প্রার্থীদের জানাতে হবে।
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, শ্রীপুর পৌর এলাকার সব ধরনের বর্জ্য এনে ফেলা হয় গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার দোখলা খালের পাড়ে। এখন ময়লা ফেলার প্রবণতা আরও বেড়েছে। শুধু শ্রীপুর পৌরসভা নয়, আশপাশের বিভিন্ন শিল্পকারখানা ও হাসপাতালগুলো তাদের বর্জ্য এখানে এনে ফেলছে। এতে স্থানীয় লোকজন তাঁদের কৃষিজমি চাষ করতে পারছেন না। খালের পানি চরম দূষণের শিকার। মানববন্ধনে অংশগ্রহণকারী ফিরোজ মিয়া বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অচিরেই ময়লা ফেলা বন্ধ করা জরুরি।
পৌরসভা নির্বাচনে প্রার্থীর কাছে প্রত্যাশার বিষয়ে গত সোমবার কথা হয় কয়েকটি এলাকার ভোটারদের সঙ্গে। পৌর এলাকার মাওনা চৌরাস্তার বাসিন্দা মো. আক্তারুজ্জামান বলেন, এখানে ময়লা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই। প্রতিদিন যে বিশাল পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়, তা যত্রতত্র ফেলতে হচ্ছে। এ ছাড়া একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা নগরবাসীকে ভোগায়।
শ্রীপুর বাজারের মো. আমিনুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পৌরসভা। এখানে যেহেতু প্রচুর শিল্পকারখানা আছে, সেহেতু উন্নত বর্জ্য ব্যবস্থাপনাও থাকা প্রয়োজন। নির্বাচনে ভোটারদের কাছে বিষয়টি অনেক বড় ইস্যু।
জানতে চাইলে বর্তমান মেয়র আনিসুর রহমান বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার জন্য বড় পরিকল্পনা আছে। মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছি। এ বিষয়ে নির্বাচনের পর কথা হবে।’
উল্লেখ্য, এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান মেয়র আনিসুর। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসলামী শাসনতন্ত্রের ফরহাদ আমমেদ মমতাজী। এখানে কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৪৯। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ১১ জন। রিটার্নিং কর্মকর্তার জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী কেবল মেয়র পদে নতুন করে কেউ প্রার্থী হলে তাঁদের ২৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল করতে বলা হয়েছিল। যাঁরা ইতিমধ্যে মনোনয়ন দাখিল করেছেন, তাঁদের আর নতুন করে তা করতে হবে না।