ইসলামপুরে মুক্তিযোদ্ধা ভবনে অন্য দুটি বিভাগের কার্যালয়

বীর মুক্তিযোদ্ধাদের আনাগোনা না থাকায় এটি একরকম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনের ভেতরে স্যাঁতসেঁতে। রাতে ভুতুড়ে ভবনে পরিণত হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

জামালপুরের ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের একটি তলায় সরকারি দুটি কার্যালয়। এ ছাড়া ইউএনও অফিস বিভিন্ন সময় ভবনটিকে গুদাম হিসেবেও ব্যবহার করে। ভবনে বীর মুক্তিযোদ্ধাদের আনাগোনা না থাকায় এটি একরকম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনের ভেতরে স্যাঁতসেঁতে। রাতে ভুতুড়ে ভবনে পরিণত হয়।

কার্যালয় দুটি হলো উপজেলা সমবায় ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়। এক বছর ধরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ কার্যালয় গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠান দুটি ভাড়াও দেয় না। এ ছাড়া টিসিবির পণ্য রাখা হয় এ ভবনে। টিসিবির গাড়ির ধাক্কায় ভবনের নিরাপত্তাদেয়ালও ফেটে গেছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

গত রোববার দেখা যায়, ভবনের ভেতরে কয়েকজন তরুণ-তরুণী ঢুকছেন। তাঁদের সঙ্গে ভবনের দ্বিতীয় তলায় যাওয়া হয়। তাঁরা উপজেলা সমবায় ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় ঢুকলেন। দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষে ওই দুটি কার্যালয়ের কার্যক্রম চলছে।

দুটি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য হলকক্ষ রয়েছে। সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠতে চোখে পড়ে, সিঁড়িতে স্যাঁতসেঁতে অবস্থা, ধুলাবালু ও চারপাশে মাকড়সা ভরে গেছে। হলকক্ষটির সামনের অংশের থাই গ্লাস লাগানো। লক করা থাকায় ভেতরে ঢোকা গেল না। পাশের একটি ছোট্ট থাই গ্লাসের কক্ষের টেবিলে ধুলাবালুতে ভরা। সিঁড়ির কাছে কয়েকটি স্থানে খসে পড়েছে পলেস্তারা। থাইয়ের গ্লাস ভেঙে গেছে। গ্লাসের ফ্রেমটি পড়ে রয়েছে।

প্রথম তলায় পুরোটাই মার্কেট। কিন্তু ভাড়া হয়নি। ফলে বন্ধ রয়েছে। একটি শোচাগারের দেয়ালে ফাটল ধরেছে। শোচাগারটি ব্যবহার করার মতো অবস্থায় নেই। ময়লা-আবর্জনা আর মাকড়সায় ভরা। শোচাগারের বিভিন্ন জিনিস ভাঙা। ভবনের একমাত্র টিবওয়েলটিও বিকল। নিরাপত্তাদেয়ালটিও ফাটা। পরে জানা গেল, টিসিবির পণ্যের গাড়ির ধাক্কায় দেয়ালটি ফেটে গেছে। ভবনে কোথাও জাতীয় পতাকা লাগানো দেখা গেল না।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেল, বিভিন্ন দিবসে বীর মুক্তিযোদ্ধারা আসেন। অন্যথায় কাউকে তাঁরা আসতে দেখেন না। তবে সরকারি দুটি কার্যালয় থাকায় প্রতিদিন সেবাগ্রহীতারা ভবনে যান। অনেক সময় টিসিবির পণ্যও ভবনে রাখা হয়।

জামালপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে ১ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ভবনের কাজ শুরু হয়। ২০১৮ সালের আগস্ট মাসে কাজটি শেষ হয়। ২০১৯ সালের অক্টোবরে ভবনের উদ্বোধন হয়। ভবনটির জরাজীর্ণ ও ফাটলের বিষয়ে তিনি বলেন, ভবনটি দেখভাল ও ছোটখাটো মেরামতকাজ তাঁদেরই করার কথা রয়েছে। একটি ভবনে যদি মানুষ না থাকে, সেই ভবন কখনোই ভালো থাকে না। সবকিছুর যত্ন লাগে। তবে কোথাও ত্রুটি থাকলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধাদের ভবনে ভাড়া ছাড়া কার্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা বলেন, ইউএনও অফিস থেকে এখানে জায়গা দিয়েছে, ‘তাতে আমাদের কী করার আছে।’ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম বলেন, ‘ভবনটি পরিচালিত হই ইউএনও অফিস থেকে। সবকিছু তাঁরাই জানেন। ভবনটিতে সরকারি দুটি কার্যালয় করা হয়েছে। কয়েকবার আমরা বলেছিলাম, তারা তো ভাড়াও দেয় না। সেখানে ইউএনও অফিস থেকে কার্যালয় তৈরি করে দিয়েছে। সবকিছু ইউএনওকে জিজ্ঞাসা করেন।’

ইউএনও তানভীর হাসান বলেন, ‘এক মাস ধরে এই উপজেলার দায়িত্বে রয়েছি। উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণাধীন। অনেক আগে থেকেই ওই দুটি কার্যালয় সেখানে রয়েছে। তাঁদের ভাড়া দেওয়ার বিষয়টি বলেছি। অন্যথায় ওই ভবন ছেড়ে, অন্য কোথায় ভবন ভাড়া নিতে বলা হয়েছে। ভবনটি গুদাম হিসেবে ব্যবহার করা হয়নি। পরিষদের জায়গা না থাকায়, কয়েক দিন টিসিবির পণ্য রাখা হয়েছিল। অন্য বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে।’