ইস্পাত কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি ইস্পাত কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জিপিএইচ ইস্পাত লিমিটেড নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামে এ কারখানাটি অবস্থিত। নিহত শ্রমিকের নাম রঞ্জিত জলদাস (৩০)। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা জেলেপাড়ার শ্রীধাম জলদাসের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, রঞ্জিত দাস কারখানার ভেতরে অক্সি এসিটিলিন শিখার সাহায্যে বাতিল (স্ক্র্যাপ) লোহা কাটছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।