ইয়াবা জব্দের ঘটনায় এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় শামসুল আলম নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমর ফুয়াদ বলেন, আসামি শামসুল আলম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ২০১৮ সালের ১২ আগস্ট চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা কোকাকোলা রোডের একটি চায়ের দোকানে আসামির দেহ তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাষীষ চাকমা থানায় মামলা করেন। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ২০১৯ সালের ১১ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাঁচজনের সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এ রায় দেন।