ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা, কারারক্ষী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষী আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারাফটকে তাঁকে আটক করা হয়।

আটক ওই কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম (২৮)। তিনি ঢাকার ধামরাই থানার বাধানগর এলাকার আবদুল জলিলের ছেলে। শাহিনুল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ কারারক্ষী হিসেবে কর্মরত।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভেতরে প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। এ সময়ে তাঁকে সন্দেহজনক মনে হলে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তল্লাশি করেন। একপর্যায়ে তার আন্ডারওয়্যারের ভেতর থেকে ১৮৭টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে। এর আগেও মাদক নিয়ে প্রবেশের সময় বেশ কয়েকজন কারারক্ষী গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মমিন জানান, এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

এর আগে গত ২৯ এপ্রিল রাতে ৩২৮টি ইয়াবা বড়ি নিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ প্রবেশের সময় পিন্টু মিয়া (২৮) নামের এক কারারক্ষী আটক হন। পিন্টু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।