ইয়াবা বহন করায় ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ফেনীতে মাদকের মামলায় একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুর রউফ (৫৬)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক বলেন, রায় ঘোষণার সময় আসামি আবদুর রউফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যায় ফেনী মডেল থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুর রউফ দৌড়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে আটকের পর তাঁর পরনের লুঙ্গির ভাঁজ থেকে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই গোলাম হাক্কানী একই বছরের ৩১ মে একমাত্র আসামি আবদুর রউফের নামে আদালতে অভিযোপত্র দাখিল করেন।