ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সংগঠন থেকে বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদ হোসেন খান

ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খানকে (২৯) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মাহমুদ হোসেন খানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

মাহমুদ হোসেনের বাড়ি বানিয়াচং সদরের পুরান তোপখানা এলাকায়। গত ২৪ আগস্ট রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বানিয়াচং থেকে মাহমুদ হোসেনকে ৩০০টি ইয়াবা বড়ি, ২ হাজার ৫০০ টাকা, একটি কিরিচসহ আটক করে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।