ইয়াবাভর্তি বস্তা ফেলে পালিয়ে যান তাঁরা
মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল সীমান্ত পয়েন্ট এলাকায় ইয়াবা বড়িভর্তি বস্তা ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। শনিবার রাতে ইয়াবাভর্তি বস্তাটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন তথ্য পেয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বালুখালী সীমান্তচৌকির বিজিবির একটি টহল দল প্রতিদিনের মতো টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন লোককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। সংকেত অমান্য করে ইয়াবাভর্তি একটি বস্তা ঘন কুয়াশার আড়ালে ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে এসব ধ্বংস করা হবে।