ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতার তিন মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইয়াবাসহ আটকের পর উপজেলা ছাত্রলীগের এক নেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছাত্রলীগের ওই নেতার নাম উজ্জ্বল হোসাইন (২৭)। তিনি দুওসুও গ্রামের চেয়ারম্যানপাড়ার বসির উদ্দীনের ছেলে। উজ্জ্বল বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ল্যাবরেটরি স্কুলের গেট পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান উজ্জ্বল স্টেশনারি অ্যান্ড ইলেকট্রনিক মিউজিক সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল হোসাইনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসাইন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা একটার দিকে মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে তিনটি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়।
মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
ইউএনও যোবায়ের হোসেন বলেন, অভিযানের সময় উজ্জ্বল অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল হক প্রধান বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত উজ্জ্বলকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।