ইয়াবাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খানকে (২৯) ইয়াবা বহন করার অভিযোগে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।

মাহমুদকে আটক করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
আটক হওয়া মাহমুদ হোসেনের বাড়ি বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানা এলাকায়। পুলিশের ভাষ্যমতে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং উপজেলার একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি, নগদ ২ হাজার ৫০০ টাকা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ধারণা করছি, আটককৃত মাহমুদ হোসেন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তাঁর নামে আর কোনো থানায় মামলা আছে কি না এবং আগে গ্রেপ্তার হয়েছিলেন কি না, তা এখনো জানা যায়নি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তিনি এখন জেলা ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় তাঁর নামে বানিয়াচং থানায় মামলার প্রস্তুতি চলছে।’