ইয়াসের প্রভাবে সড়ক ক্ষতিগ্রস্ত, ভোগান্তি

জেলায় প্রায় ৬৩৫ কিলোমিটার সড়ক ও ৩১টি সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ কোটি ৭৪ লাখ টাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার দৌলতখান উপজেলার মদনপুর এলাকায়।
ছবি: প্রথম আলো

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) যেতে হাঁটুসমান পানি ভাঙতে হচ্ছে। সড়কটি ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। পরিষদের সামনে ইট বিছানো সড়কে বড় বড় গর্ত। সদ্য নির্মিত মদনপুর ও চরমুন্সির পথে যাওয়ার সেতু দুটো দুমড়ে-মুচড়ে ভেঙে আছে।

মাসখানেক আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে মদনপুর ইউনিয়নের ২৫ কিলোমিটার সড়ক ও পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘূর্ণিঝড়ে জেলার বিভিন্ন স্থানের সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভোলা কার্যালয়ের হিসাবে এই জেলায় প্রায় ৬৩৫ কিলোমিটার সড়ক ও ৩১টি সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ কোটি ৭৪ লাখ টাকা।

মদনপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। লোকজনকে হেঁটে চলাচল করতে হচ্ছে। কয়েকটি ভাঙা সেতুতে সাঁকো বানিয়ে চলাচল করেছে মানুষ। মদনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল খালেক বলেন, এ ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোনো সড়ক নেই। ইউনিয়ন পরিষদ ও উপজেলা ত্রাণ শাখার নির্মাণ করা সড়ক রয়েছে প্রায় ৪১ কিলোমিটার। এর মধ্যে ইট বিছানো ৬ কিলোমিটার। ঘূর্ণিঝড়ে এখানকার সব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।

সরেজমিন ও খোঁজ নিয়ে দেখা যায়, সদর উপজেলার ভোলা খেয়াঘাট-শান্তিরহাট-বাঘমারা রোড, পশ্চিম সিফলি কমিউনিটি বিদ্যালয়-সোবহান মহুরি জামে মসজিদ-মোশারেফ মেম্বার বাড়ি পোল-জাহাঙ্গীর কন্ট্রাক্টর বাড়ি সড়ক, আলীনগর দফাদার বাড়ি-মস্তুমিজি বাড়ি সড়ক, আগারপুল-আলতাজের রহমান কলেজ সড়ক, আলিয়া মাদ্রাসা-খেয়াঘাট সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩৭টি সড়কের ৯৮ কিলোমিটারে ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ২৩ কোটি ৪০ লাখ টাকা।

জলোচ্ছ্বাসে বেশি ক্ষতি হয়েছে চরফ্যাশন উপজেলা। এই উপজেলার শশীভূষণ-আটকপাট স্লুইসবাজার সড়ক, গজারিয়া-চরমানিকা ভায়া দুলারহাট-আঞ্জুরহাট সড়ক, শশীভূষণ-চেয়ারম্যান বাজার সড়ক, চরফ্যাশন-বেতুয়া সড়ক থেকে জিন্নাগড় ভায়া চকবাজার সড়ক ক্ষতি হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩১টি সড়কের প্রায় ১৮৪ কিলোমিটার সড়ক ও ৭টি সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ২১ কোটি ৯৫ লাখ টাকা।

এ ছাড়া বোরহানউদ্দিন উপজেলায় ১১ কোটি ৯৫ লাখ টাকা, দৌলতখান ও তজুমদ্দিনে ২ কোটি ৬০ লাখ টাকা করে, লালমোহনে ৭ কোটি ৬৫ লাখ টাকা ও মনপুরায় ৫ কোটি ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ‘গত বছর আম্পানের পরেও অধিদপ্তরে ক্ষতির তালিকা পাঠানো হয়েছিল। ইয়াসের প্রভাবে ক্ষতির তালিকাও পাঠিয়েছি। এবার ক্ষতি বেশি হয়েছে। বিভিন্ন প্রকল্পে বরাদ্দ এলে সংস্কার করি। আলাদা করে কোনো বরাদ্দ আসেনি।।