ইয়াসের প্রভাবে ২১টি ভূমিহীন পরিবার পানিবন্দী

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মহিষকান্দি এলাকায় ২১টি ভূমিহীন পরিবার পানিবন্দী হয়ে পড়েছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন গ্রামে পানি উঠেছে। এ কারণে উপজেলার মহিষকান্দি এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে দেওয়া ২১টি বাড়িতে পানি উঠেছে। ভূমিহীন ওই সব মানুষ পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন।

গোসাইরহাট উপজেলার পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। ওই নদী থেকে বিভিন্ন খাল ও নদ গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় প্রবাহিত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মঙ্গলবার থেকে নদ ও খালের উপচে পড়া পানিতে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

বাড়ি যাওয়ার পথ পানিতে ডুবে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মহিষকান্দি এলাকায় ২১টি ভূমিহীন পরিবার। বুধবার তোলা ছবি
প্রথম আলো

গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অগ্রাধিকার প্রকল্পের আওতায় সম্প্রতি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর মহিষকান্দি গ্রামের ৭০ নম্বর মহিষকান্দি মৌজায় ১ নম্বর খতিয়ানের ৬৭ শতাংশ জমিতে ভূমিহীন ২১টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়।

ওই স্থানটি জয়ন্তিয়া নদীর তীরে অবস্থিত। স্থানটি ফসলি জমির মধ্যে হওয়ায় কিছুটা নিচু। নদীর তীরবর্তী হওয়ায় ওই ২১টি বাড়িসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এতে এসব পরিবারের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে।

ওই প্রকল্পের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, ‘আমরা যারা এখানের বাসিন্দা তাদের ঘর ও জমি নেই। তাই আমাদের নামে খাসজমি বরাদ্দ দিয়ে তাতে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তিন মাস হলো ছেলে, দুই মেয়ে ও স্ত্রী নিয়ে সরকারি দেওয়া ঘরে উঠেছি। এত দিন ভালোই ছিলাম। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে জোয়ারে বাড়ির উঠান ও বারান্দার কাছে পানি উঠেছে। এতে আমরা ২১টি পরিবার চরম ভোগান্তিতে আছি।’

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। এখন ওই পানি সরে যেতে শুরু করেছে। আর খাসজমিতে নির্মাণ করে দেওয়া ঘরগুলোর আশপাশে কিছু পানি উঠেছে। আমরা জায়গাটা পরিদর্শন করেছি। ওই ২১ পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে।’