ঈদুল আজহায় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৫টি কোচ মেরামতের কাজ চলছে। এ কারণে জনবল ও কাঁচামালের সংকট থাকলেও কারখানায় পুরোদমে কাজ চলছে।
ওই রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, ঈদ এলে ঘরমুখো মানুষের গন্তব্যে ফিরতে চরম বিড়ম্বনায় পড়তে হয়। এ সময় যাত্রীদের চাপ সামলাতে ৬৫টি কোচ মেরামতের কাজ করা হচ্ছে। এর মধ্যে ৩৮টি ব্রডগেজ ও ২৭টি মিটারগেজ লাইনের কোচ রয়েছে। ওই ৬৫টি কোচের মধ্যে রেলওয়ে কারখানার চারটি শপে ৫৬টি ও প্রকল্পের আওতায় দুটি বেসরকারি প্রতিষ্ঠান ৯টি কোচ মেরামতের কাজ করছে।
ঈদের আগেই এসব কোচ মেরামতের কাজ শেষ করে আউটার্ন দেওয়া হবে। এসব বাড়তি কোচ দিয়ে পশ্চিম রেলের পার্বতীপুর ও খুলনা থেকে ঢাকা রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা হবে। এরই মধ্যে ৩৪টি কোচ মেরামত শেষে পার্বতীপুর, ঈশ্বরদী, খুলনা ও রাজশাহী ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কোচ মেরামতের প্রধান শপ ক্যারেজ শপের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দিলশাদ করিম আবু হেনা প্রথম আলোকে বলেন, শ্রমিক ও কারিগরদের শ্রম ও আগ্রহের কারণে সর্বোচ্চসংখ্যক কোচ মেরামত করা সম্ভব হচ্ছে। কারখানায় জনবলের সংকট ও প্রয়োজনীয় কাঁচামালের অভাবে মাঝেমধ্যে কাজে ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক আমিনুল হাসান প্রথম আলোকে বলেন, প্রতিবছর ঈদে কারখানায় অতিরিক্ত কোচ মেরামত করা হয়। এবারও কোচ মেরামত শেষে সরবরাহের জন্য দিনে-রাতে কাজ চলছে। তিনি
আশা প্রকাশ করে বলেন, ৮ সেপ্টেম্বরের মধ্যে মেরামত করা সব কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা সম্ভব হবে।