ঈদ ঘিরে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা
ঈদের দিনক্ষণ যত এগিয়ে আসছে, কোরবানির পশুর পাশাপাশি মাংস কাটার খাটিয়া, ধারালো অস্ত্র, চাটাই বেচাকেনাও বাড়ছে। গতকাল শনিবার উপজেলার তালোড়া হাটে গিয়ে মৌসুমি ব্যবসায়ীদের এসব কেনাবেচার দৃশ্য দেখা যায়।
হাটে গিয়ে দেখা যায়, বড় খাটিয়া ৪০০-৪৫০, মাঝারি আকৃতির খাটিয়া ২৫০-৩০০, চাটাই ১৮০-২০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় খাটিয়ায় দাম ৮০-১০০ ও চাটাই ৪০-৫০ টাকা বেশি।
চাটাইবিক্রেতা কাহালুর মালঞ্চা গ্রামের মফছের আলী বলেন, এখন একেকটি বাঁশের দাম ৬০-৭০ টাকা বেশি। তারপর নিজের পরিশ্রম আছে। দাম বেশির প্রশ্নে তিনি বলেন, ‘আপনারা তো খালি লাভই দেখেন। দিনরাত পরিশ্রম করে চাটাই তৈরি করি। একটি চাটাই বিক্রি করলে ২০-২৫ টাকা টেকে। আর এ চাটাই তো সারা বছর বিক্রি হয় না।’
তালোড়া লাফাপাড়া গ্রামের ফারুক আহম্মেদ বলেন, কোরবানি ঈদের প্রথমে পশু কেনার চাপ বেশি থাকে। তারপর পশু জবাই করার ধারালো অস্ত্র ও কাঠের গুল (খাটিয়া), চাটাই না কিনে উপায় নেই। তিনি আরও বলেন, ‘বছরে একবারই বাড়িতে পশু জবাই করতে হয়। আগে কসাই দিয়ে পশু জবাই করে মাংস কাটার কাজ করা হতো। কিন্তু কসাইদের টাকার হাঁক খুব বেশি। একটি বড় গরু তৈরি করে নিতে (গরু জবাই ও মাংস কাটাকাটি) সাত-আট হাজার টাকা দিতে হয় তাঁদের। তাই গ্রামের লোকজন সবাই মিলে পশু জবাই করে মাংস কাটাকাটির কাজ করে। এ জন্য মাংস তৈরির সরঞ্জাম না কিনে উপায় নেই।’
আরেক ক্রেতা আবু জাফর বলেন, মাংস কাটার কাঠের খাটিয়া গত বছরের তুলনায় বেশি চাচ্ছেন বিক্রেতারা। তিনি বলেন, বাড়িতে কাঠের গুল আছে, কিন্তু যত্নœনা করায় তা পচে গেছে। ওই গুলে মাংস কাটলে নষ্ট হয়ে যাবে। আর চাটাই তো প্রতিবছরই কিনতে হয়।
খাটিয়া বিক্রেতা কাহালুর কালাই গ্রামের মেহেরুল বলেন, ‘সব ধরনের কাঠ দিয়া তো মাংস কাটার গুল বানানো যায় না। তেঁতুল বা নিম কাঠের গুল ভালো মানের। এসব গুলে মাংস বা হাড় কাটলে কাঠের গুঁড়া (কুচি) বের হয় না। এসব কাঠের দামও বেশি।’