ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাদ, চাঁদার টাকায় বন্যার্তদের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দিনাজপুর উদ্যোক্তাবর্গ’-এর সদস্যরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের টাকা বন্যার্তদের সহায়তার জন্য তুলে দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

কথা ছিল ঈদ শেষে পুনর্মিলনী অনুষ্ঠান করা হবে। জায়গাও নির্ধারণ করা হয়েছিল দিনাজপুরের রামসাগর। সবার সঙ্গে প্রাথমিক আলোচনা করে নির্ধারণ করা হয় চাঁদাও। গত রোববার হঠাৎ মত বদলে ফেলেন তাঁরা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য তোলা চাঁদার টাকা কুড়িগ্রামের বানভাসি মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

‘দিনাজপুরের উদ্যোক্তাবর্গ’ নামের ফেসবুকভিত্তিক অনলাইন একটি গ্রুপের সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। গ্রুপটি পরিচালনা করেন দিনাজপুর অঞ্জলি বুটিকসের স্বত্বাধিকারী শম্পা দাস। গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠান আয়োজনের চাঁদার ২০ হাজার টাকা কুড়িগ্রামের বানভাসি মানুষকে সহায়তা জন্য দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদের হাতে তুলে দিয়েছেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর উদ্যোক্তাবর্গের মডারেটর শাকিলা আফরোজ, সায়কা ইয়াসমিন, রত্না খোকন, তৌহিদ মুরসালিন, শাহিন আলম, রুনা ইয়াসমিন, সদস্য আমির হোসেন, জাহিরুল ইসলাম, শাহানাজ পারভিন, মাহেদ্বীন রহমান, কৃষ্ণা কর্মকার প্রমুখ।

উদ্যোক্তাবর্গের পরিচালক শম্পা দাস বলেন, ‘২০ হাজার টাকা সামান্য টাকা। কিন্তু মানুষ হয়ে মানুষের জন্য একটুখানি এগিয়ে আসতে পেরেছি, এটা আনন্দের। সদস্যরা আলোচনার ভিত্তিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাতিল করে সেই অনুষ্ঠান আয়োজনের টাকাটা বন্যার্তদের সহায়তায় দিয়েছি। আমাদের মতো অন্যরাও এগিয়ে আসবে, উৎসাহ পাবে, এটাই আমাদের লক্ষ্য।’

শম্পা দাশ আরও বলেন, ২০২০ সালের মাঝামাঝি সময়ে করোনা পরিস্থিতি যখন চরমে, তখন এ গ্রুপ যাত্রা শুরু করে। অনলাইনে অর্ডার নিয়ে সে সময় গ্রুপের কয়েকজন সদস্য খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করেন। সেই থেকে বর্তমানে সারা দেশ থেকে গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন ৫১ হাজার সদস্য। এর মধ্যে প্রায় অর্ধেক দিনাজপুরের। তবে সরাসরি গ্রুপটির সদস্যসংখ্যা তিন শতাধিক। গ্রুপটির উপদেষ্টা হিসেবে রয়েছেন দিনাজপুর পাটোয়ারী বিজনেস হাউসের স্বত্বাধিকারী সহিদুর রহমান মোহন পাটোয়ারী।

ইউএনও মর্তুজা আল মুঈদ বলেন, মানুষ মানুষের জন্য। মানবতার জন্য আজ সবাইকে এগিয়ে আসতে হবে। দিনাজপুরের উদ্যোক্তাবর্গের এ অনুদান মানবতার দৃষ্টি স্থাপন করল। শিগগির অনুদানের এ টাকা কুড়িগ্রামে পাঠানো হবে। এ সময় বানভাসি মানুষকে সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।