
‘প্রিয় বাবা-মা, তোমাদের জন্যই আমার এই পৃথিবীতে আগমন ঘটেছে এবং তোমাদের জন্যই আমি প্রতিবছর সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারছি। আমার জীবনে মহান আল্লাহর পরই তোমাদের স্থান। তাই এই নকশা করা ঈদকার্ড শুধুমাত্র তোমাদের জন্য।’ এটি পঞ্চগড়ের সপ্তম শ্রেণি পড়ুয়া আশরাফি রাইয়ান তার মা-বাবাকে লিখেছে।
আরেকটি শিশু তার ঈদকার্ডে লিখেছে, ‘হ্যাভ এ নাইস ঈদ ডে ম্যামি-ড্যাডি।’ প্রথম আলোর ‘এবার নিজেই করো আব্বু-আম্মুর জন্য ঈদকার্ডের নকশা’ আহ্বানে দ্বিতীয়বারের আয়োজনে শিশু-কিশোররা তাদের মা-বাবাকে এমন অভিব্যক্তি জানায়।
আজ মঙ্গলবার রাজধানীর সিএ ভবন মিলনায়তনে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করেন বিচারকেরা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সমরজিত্ রায় চৌধুরী, আবুল বারক আলভী ও অশোক কর্মকার।
ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘ছবির নান্দনিক দিক গুরুত্ব দিয়ে সেরা ছবি নির্বাচন করা হয়েছে। প্রচলিত ঈদকার্ডের বাইরে বাচ্চারা সৃজনশীলতার পরিচয় দিয়েছে কি না, সেটা দেখা হয়েছে।’
৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ঈদকার্ডের নকশা পাঠায় ১ হাজার ৮৯০ জন। তাদের মধ্যে থেকে ১০ জনকে বিজয়ী নির্ধারণ করেন বিচারকেরা। বিজয়ীদের ১০টি নকশা ছাপা হবে প্রথম আলোতে। আর এ নকশাগুলো দিয়ে তৈরি ঈদ কার্ডগুলো পৌঁছে যাবে পাঠকের কাছে। এ ছাড়া এই ১০ জনের প্রত্যেকেই উপহার হিসেবে পাবে ১০ হাজার টাকা।
এই প্রতিযোগিতার দুটি বিভাগে অংশ নিয়েছে ১৫ বছরের কম বয়সীরা। ১০ বছরের কম বয়সীরা ছিল ‘ক’ বিভাগে আর ১৫ বছরের কম বয়সীরা ছিল ‘খ’ বিভাগে।

মেরিল বেবি-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতার ‘ক’ বিভাগে বিজয়ীরা হলো—নওশিন আহমেদ সূচি; সাফির আইডিয়াল, আজিমপুর, ঢাকা। সাম্য কর; সেন্ট প্লাসিডস হাইস্কুল, কালী চক্রবর্তী কলোনি, চট্টগ্রাম। আরিয়ান ইসলাম; মাহাত স্কুল অ্যান্ড কলেজ। মাইশা আহমেদ; আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল, গ্রিনরোড, ঢাকা। শেখ মোহাম্মদ আহনাফ আদিব, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
‘খ’ বিভাগের বিজয়ীরা হলো—মনিরা রহমান; মরগ্যান বালিকা উচ্চবিদ্যালয়, আজমেরী নতুন কোর্ট, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ফারিহা আহমেদ; মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। রাবেয়া বসরী রাত্রি; সেন্ট ফ্র্যান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, ফরাশগঞ্জ, ঢাকা। তানভীর সামস্ চৌধুরী, বাংলাহিলি পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ, মধ্য বাসদেবপুর, হাকিমপুর, দিনাজপুর। সালমা খানম; জনতা ডিগ্রি কলেজ, ডিমলা, নীলফামারী।
‘মেরিল বেবি-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’ নামের ভিন্ন মাত্রার এই আয়োজনে সহযোগিতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সুপার মম।