ঈদগাঁওয়ে পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাতঘড়িয়াপাড়া থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই আসামির নাম শফিউল আলম। তিনি ওই এলাকার অজিউল্লাহর ছেলে। তিনি একটি দুর্নীতি ও প্রতারণা মামলার প্রধান আসামি।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ঈদগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে টাকার বিনিময়ে শফিউলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মামলার বাদীর পরিবারের।

মামলার বাদীর ছোট ভাই মোহাম্মদ হাসান বলেন, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে সাতঘরিয়া এলাকায় আসামির নিজ বাড়িতে এএসআই আবদুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিউল আলম পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা এলাকার লোকজন দেখেছেন। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে অসুস্থ দেখিয়ে শফিউলকে ছেড়ে দিয়েছেন এএসআই আবদুর রশীদ।

ওয়ারেন্টভুক্ত আসামি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে এএসআই আবদুর রশীদ বলেন, ‘যা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় করেছি।’

জানতে চাইলে এএসআই আবদুর রশীদ বলেন, আসামি শফিউল আলম অসুস্থ, তাঁর হার্টে রিং পরানো এবং পা ফোলা। মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগ ভিত্তিহীন। ওয়ারেন্টভুক্ত আসামি ছেড়ে দেওয়ার এখতিয়ার প্রসঙ্গে এএসআই আবদুর রশীদ বলেন, ‘যা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় করেছি।’

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শফিউল অসুস্থ। তাই জিডিমূলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অসুস্থ, শিশু ও নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ ছেড়ে দিতে পারে।