ঈদযাত্রায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ট্রাকচাপায় এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তনা খাতুন (২৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকারপাড়া গ্রামের আবদুল মাজেদের স্ত্রী। দুর্ঘটনায় স্বামী আবদুল মাজেদ ও তাঁদের মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছেন। তাঁদের উল্লাপাড়ার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মোটরসাইকেলে চড়ে আবদুল মাজেদ তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে তাঁরা মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শান্তনা খাতুন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।