ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কিশোরের
ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ির ভাইবোনছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম মোহাম্মদ নাঈম হোসেন। সে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার নাছির হোসেনের ছেলে। পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল নাঈম।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ নাঈম দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে পানছড়ি থেকে অটোরিকশা করে মায়াবিনী লেকে যাচ্ছিল। অটোরিকশাটি ভাইবোনছড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাঈম মারা যায়।
ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক শিমুল কুমার বলেন, কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেননি। বেপরোয়া গতির মোটরসাইকেলের চালককে আটকের চেষ্টা চলছে।