ঈদে বাসা খালি করে না যাওয়ার পরামর্শ চট্টগ্রাম পুলিশের
ঈদের ছুটিতে কেউ যেন পুরো বাসা খালি করে না যান, সেই অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। পাশাপাশি তিনি বাসার সামনে-পেছনে পর্যাপ্ত আলো ও ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে নগরের দামপাড়ায় নগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সালেহ মোহাম্মদ তানভীর এই আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, ‘পুরো বাসা, একেবারে পুরো বিল্ডিং খালি করে যেন কেউ চলে না যায়, সেই অনুরোধ আমাদের থাকবে। কেউ না কেউ যেন বাসায় থাকেন। একটি বাসা খালি রেখে ৯ দিন কেউ থাকবেন না, এটা তো অ্যালার্মিং। আমাদের পরামর্শ হচ্ছে, বাসার সামনে-পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং ক্যামেরা বসানো। যিনি শহরে একটি বাড়ির মালিক, তিনি দুটি ক্যামেরা কিনে লাগাতে পারবেন না, এটা আমরা বিশ্বাস করি না। ক্যামেরা লাগালে আমাদের জন্য সুবিধা হবে, কেউ অপরাধ করলেও আমরা শনাক্ত করে ব্যবস্থা নিতে পারব।’
আসন্ন ঈদের বন্ধে খালি বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে আত্মীয়স্বজন কিংবা বিশ্বস্ত কারও কাছে রাখার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
নগরবাসীর সচেতনতার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারপত্র বিলি করা হচ্ছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, বাসার বাথরুম অথবা রান্নাঘরে ব্যবহৃত এগজস্ট ফ্যানের বাইরের অংশে লোহার গ্রিল লাগানো, বাসার জানালার বাইরের অংশে বক্সগ্রিল ব্যবহার করা, বাসার দরজায় অটোলক ব্যবহার, মূল্যবান জিনিস ও টাকাপয়সা বিশ্বস্ত কারও হেফাজতে রেখে যাওয়া, প্রতিটি ভবনে রাস্তামুখী সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এ ছাড়া পরিচয় নিশ্চিত না হয়ে বাসার দরজা না খোলা, হকার-ফেরিওয়ালাকে বাসায় ঢুকতে না দেওয়া, অপরিচিত লোককে বাসার আশপাশে ঘুরতে দেখলে ছবি তুলে রাখার পরামর্শও দেন তিনি। ঈদের আগে ও পরে নগরের নিরাপত্তায় সর্বোচ্চসংখ্যক পুলিশ নিরাপত্তায় থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে জানান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, পুলিশি পাহারায় অর্থ পৌঁছে দেওয়া হবে। পর্যাপ্ত গাড়ি থাকা সাপেক্ষে প্রয়োজনে পুলিশের গাড়ি দেওয়া হবে।
সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, টেম্পো ও বাসে চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয় পুলিশের পক্ষ থেকে। অটোরিকশায় চলাচলে ‘আমার গাড়ি নিরাপদ’ লোগোযুক্ত গাড়ির কিউআর কোড স্ক্যান করে চালক, মালিক সম্পর্কে তথ্য সংগ্রহে রাখার পরামর্শ দেওয়া হয়। যাতে গাড়িতে কোনো মালামাল হারিয়ে গেলে শনাক্ত করে উদ্ধার করা যায়। এ ছাড়া রাস্তায় অথবা পরিবহনের চলাচলের সময় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল আলম, শ্যামল কুমার নাথ, সানা শামীমুর রহমান, উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন, আলী হোসেন প্রমুখ।