ঈদে হতদরিদ্রদের মধ্যে বিতরণের চাল মিলল ইউপির গুদামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার মানচিত্র

ঈদ উপলক্ষে সুবিধাভোগী মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদের গুদামে মজুত রাখার অভিযোগ উঠেছে রংপুরের পীরগাছা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।

উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ওই চেয়ারম্যানের নাম আবদুল কাদের প্রধান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরিষদের গুদাম থেকে ২০ বস্তা (এক টন) চাল জব্দ করেন ইউএনও শামসুল আরেফীন। পরে গুদাম সিলগালা করেন দেন ইউএনও।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ইটাকুমারী ইউনিয়নে ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য প্রায় ৪ হাজার ৬০০ ব্যক্তির জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আবদুল কাদের প্রধানের ঈদের আগে তিন দিন ধরে সুবিধাভোগী মানুষের মধ্যে এসব চাল বিতরণের কথা ছিল।

স্থানীয় লোকজনের অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান ৮ কেজি করে বিতরণ করেছেন। বাকি চাল কালোবাজারে বিক্রি করে আত্মসাতের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের গুদামে তা মজুত করে রাখেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যক্তিরা একপর্যায়ে বিষয়টি ইউএনওকে জানান। পরে মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও পরিষদে গিয়ে মজুত করে রাখা এক টন ভিজিএফের চাল জব্দ করেন।

অভিযোগের বিষয়ে ইটাকুমারী ইউপি চেয়ারম্যান আবদুল কাদের প্রধান বলেন, চাল ব্যবসায়ীরা সুবিধাভোগীদের কাছ থেকে চাল কিনে গুদামে রেখেছিলেন। তবে তাঁর শতভাগ চাল বিতরণ দেখানো ঠিক হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ বলেন, চাল বিতরণ ও মজুতে অসংগতি থাকায় গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

পীরগাছার ইউএনও শামসুল আরেফীন গুদাম সিলগালা করার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযোগের ভিত্তিতে পরিষদে গিয়ে এক টন চাল (২০ বস্তা-প্রতি বস্তায় ৫০ কেজি) মজুত পাওয়া যায়। এই চাল ঈদের আগে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করার কথা ছিল। কেন বিতরণ করা হলো না, তা যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।