ঈদের আগে পাটকলশ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি
বন্ধের দুই বছর পরেও দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের সব শ্রমিক পুরো বকেয়া বুঝে পাননি। মিল চালু না হওয়ায় তাঁদের আয়রোজগার বন্ধ। বেকার থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। এই পরিস্থিতিতে ঈদের আগে পাটকল শ্রমিকদের সব বকেয়া পরিশোধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে পাটকলগুলো চালুরও জোরালো দাবি জানান পাটকলের শ্রমিকেরা ।
আজ মঙ্গলবার বিকেলে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে এসব দাবিতে মানববন্ধন করা হয়। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালু, ঈদের আগে খালিশপুর-দৌলতপুর জুটমিলসহ ৫টি পাটকলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা, নাগরিক পরিষদের নেতাসহ খালিশপুর জুটমিলের শ্রমিকদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নামে ক্রটি আছে এমন শ্রমিকদের পাওনা গেট পাস অনুযায়ী পরিশোধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের ২ জুলাই ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল একযোগে বন্ধ ঘোষণা করা হয়। এই পাটকলগুলো বন্ধ করে দেওয়ার ফলে স্থায়ী বদলি ও দৈনিকভিত্তিকসহ প্রায় ৬০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। গত ২১ মাস তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকার তিন মাসের মধ্যে শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বদলি শ্রমিকদের প্রায় অর্ধেক ও বিজেএমসি পরিচালিত পাঁচটি পাটকলের (খালিশপুর জুট মিলস, দৌলতপুর জুট মিলস, জাতীয় জুট মিলস, আর আর জুট মিলস ও কেএফডি জুট মিলস) শ্রমিকেরা কেউই এখনো তাঁদের বকেয়া পাওনা পাননি।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের পাওনার বাইরেও ২০১৯ সালের ৬ সপ্তাহের মজুরি, ২০২০ সালের ঈদুল আজহার বোনাসসহ ২০১৫ থেকে পাঁচ বছরের উৎসব বোনাস, ২০২০ সালের জুলাই মাসের প্রথম দুই দিনে ইনক্রিমেন্টসহ মজুরি এখনো বকেয়া। ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরাও এখনো তাঁদের ভাতার টাকা পাননি। এই বকেয়া পাওনা শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, সরকারের দয়া বা করুণা নয়। তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছেন, সেই শ্রমের ন্যায্য পারিশ্রমিকই এখন তাঁদের পাওনা।
শ্রম আইন ভঙ্গ করে কলোনি থেকে শ্রমিকদের উৎখাত করা হয়েছে দাবি করে বক্তারা বলেন, মিলের কলোনিতে বসবাসরত অসহায় শ্রমিকদের অর্থ পরিশোধের আগেই আবাসন থেকে উৎখাত করা হয়েছে। করোনা মহামারিকালে দুই বছরে কর্মহীন হয়ে এই শ্রমিকেরা নিজেদের পরিবারের ন্যূনতম মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছেন না। সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশু ও বৃদ্ধরা। তাদের খাদ্য, চিকিৎসায় অক্ষম হয়ে পড়েছেন এই বেকার শ্রমিকেরা। আবার শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলতেও দিচ্ছে না সরকার। শ্রমিকেরা রাজপথে কর্মসূচি দিলে তাতে বাধা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে শ্রমিকনেতাদের।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা। এটি সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক সমরেশ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মহানগর আহ্বায়ক কোহিনুর আক্তার, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ প্রমুখ।