ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ শাখার মানববন্ধন। আজ বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ শাখা। জেলা প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করা, বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা প্রদান ও ন্যায্যমূল্যে শ্রমিকদের রেশন দেওয়ার দাবি জানানো হয়।

টিইউসির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবদুল হাই শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহসভাপতি তপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্র জেলা কমিটির সভাপতি এম এ শাহীন প্রমুখ।

মানববন্ধনে নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে শ্রমিকেরা যে মজুরি পান, তা দিয়ে তাঁদের সংসার কোনোভাবেই চলে না। এ পরিস্থিতির মধ্যে অনেক কারখানার মালিক মাসের পর মাস বেতন–ভাতা বকেয়া রাখেন। ফলে সারা বছর শ্রমিকেরা ধারদেনা করে চলেন। দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করেন।নারায়ণগঞ্জের ফতুল্লার প্যারাডাইজ কেব্‌ল কারখানার শ্রমিকদের ১৩ মাসের বেতন বকেয়া, পরিশোধ করা হচ্ছে না। তাঁরা বেতন-বোনাস নিয়ে শঙ্কা রয়েছেন। ঈদ সামনে রেখে শ্রমিকেরা আশায় থাকেন বকেয়া পাওনাসহ ঈদ বোনাস এক সঙ্গে পেলে কিছু ধারদেনা কমাবেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকেরা ঈদে গ্রামের বাড়ি ফিরে আপনজনদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উৎসব পালন করবেন। তাঁদের সেই আশা নস্যাৎ করা হলে পরিণতি ভালো হবে না। ঈদের আগে সব শ্রমিকের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। সময়মতো শ্রমিকেরা বেতন-বোনাস না পেলে ঈদে বাড়ি ফেরা সম্ভব হয় না। এসব বিবেচনায় নিয়ে ঈদের আগে শ্রমিকদের সব পাওনাদি প্রাপ্তি নিশ্চিত করতে বিকেএমইএ, বিজিএমইএ ও সরকারকে দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। বেতন-বোনাস নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।

পুনর্বাসনের ব্যবস্থা না করে শহরের ফুটপাত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের শহরের ফুটপাত থেকে উচ্ছেদ না করার আহ্বান জানান নেতারা। তাঁরা বলেন, সামনে ঈদ। এ সময়ে হকারদের পেটে লাথি দেওয়া যাবে না। তাঁদের ফুটপাতে বসে দোকান করার সুযোগ করে দিতে হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, বাসাভাড়া, পরিবহনভাড়াসহ সব কিছুর দাম বেড়েছে। ফলে শ্রমিকেরা যে টাকা বেতন পান, সেই টাকা দিয়ে তাঁদের সংসার চলে না।