ঈদের আনন্দ নেই ফাইযাদের ঘরে

আট মাসের মেয়ে ফাইযা রহমানের সঙ্গে ইস্পাহান সুলতানাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ঈদের তিন দিন আগেই বাড়িতে চলে গিয়েছিলেন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর কর্মচারী আবদুস সোবহান। গ্রামের হাট থেকে চাচাতো ভাইরা মিলে লাল রঙের একটা গরু কিনেছিলেন। ঈদের দিন ভোরেই ঘুম থেকে উঠে যান তিনি। নামাজ পড়েই নেমে পড়েন মাংস কাটাকাটির কাজে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন পরিবারের সঙ্গে। কিন্তু এ বছর?

আবদুস সোবহানের বাড়িতে এ বছর ঈদের চিত্রটা পুরোপুরি ভিন্ন। ঈদের আনন্দ–উচ্ছ্বাস তাঁদের বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি। দুদিন আগে, অর্থাৎ গত শুক্রবার আবদুস সোবহান বাড়িতে ফেরেন পোড়া কঙ্কাল হয়ে। তাঁর মুখটাও দেখতে পারেননি স্ত্রী ইস্পাহান সুলতানা। তারও আগে গত ৪ জুন সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত হন আবদুস সোবহান। তবে এত দিন তাঁর লাশ শনাক্ত করা যায়নি। পরে ডিএনএ নমুনা দেয় আবদুস সোবহানের ৮ মাসের মেয়ে ফাইযা রহমান।

স্বামীকে নিয়ে ইস্পাহান সুলতানা স্মৃতিচারণা করতে করতেই কাঁদলেন কিছুক্ষণ। তাঁর সঙ্গে কথা হয় মুঠোফোনে। তিনি বলেন, গত বছর বাসায় তাঁর স্বামী ছিলেন। তাঁর টাকায়ই কোরবানির গরু কেনা হয়েছিল। লাল রঙের গরু তাঁর বেশ প্রিয় ছিল। ভাইরা সবাই মিলে গ্রামের হাট থেকে কিনেছিলেন গরু। এ বছর কেউ নেই ঘরে। কিছু নেই যেন।

আবদুস সোবহানের বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখীল গ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে আইসিডি দপ্তরের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন তিনি। ২০১৩ সাল থেকে ডিপোতে কর্মরত ছিলেন তিনি। বেতন পেতেন ১৭ হাজার টাকার মতো। বছর দুয়েক আগে আবদুস সোবহান আর ইস্পাহান সুলাতানার বিয়ে হয়। কিছুদিন পরই ঘর আলো করে জন্ম নেয় ফাইযা।

বিস্ফোরণের রাতের স্মৃতিচারণা করে ইস্পাহান সুলতানা বলেন, ‘সেদিন রাতে ডিপোতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান আবদুস সোবহান। ভিডিও কল দিয়ে আগুনের ভয়াবহতা দেখাচ্ছিলেন আমাদের। একপর্যায়ে তাঁকে আগুনের কাছ থেকে দূরে সরে যেতে বলি। এর মিনিট পাঁচেক পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর সব অন্ধকার।’

ওই ঘটনার পর আবদুস সোবহানের পরিবারে যুদ্ধ শুরু হয়। হাসপাতালে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরেও তাঁর খোঁজ মেলেনি। বাধ্য হয়ে ডিএনএ নমুনা দিতে হয় পরিবারের সদস্যদের। পরে গত বৃহস্পতিবার লাশ শনাক্ত হয়। আর শুক্রবার গ্রামে তাঁকে দাফন করা হয়।

ইস্পাহান সুলতানা বলেন, ‘গেল বছর ঈদটা ছিল মনের মতো। বিয়ের পর দ্বিতীয় ঈদ ছিল সেটা। আবদুস সোবহান ডিপো থেকে ফেরার পথে নানা রকম জিনিস এনেছিলেন। ঘরে আসার পর অনেক কিছুর পরিকল্পনা করেছিলাম আমরা। জীবনটা কীভাবে যাবে, কীভাবে সংসার চলবে, কত কিছুই না ভেবেছিলাম। কিন্তু কিছুই হলো না। আমাকে একা রেখে চলে গেলেন তিনি।’

ইস্পাহান জানান, আবদুস সোবহানেরা দুই ভাই এক বোন। এ বছর পরিবারের অন্যরা মিলে গরু কিনেছেন। তবে আগের সেই আনন্দ নেই। আর গরু কেনার সে সামর্থ্য নেই। কারণ, সোবহানের আয়েই চলত সংসার।

ইস্পাহানের চিন্তা এখন মেয়ে ফাইযাকে নিয়ে। একটা ভালো স্কুলে পড়াতে চান তাকে। মেয়েকে দেখতে চান উঁচু কোনো অবস্থানে। নানা স্বপ্ন বুনে চলেছে ফাইযাকে নিয়ে পুরো পরিবার। ইস্পাহান বলেন, তাঁর ধ্যান–জ্ঞ্যান সব এখন ফাইযাকে নিয়ে। ফাইযা জানে না, তাঁর বাবা নেই। অল্প সময়েই বাবার আদরটা হারাল সে।