ঈদের কেনাকাটা করা হলো না ফরহাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন মোহাম্মদ ফরহাদ (৩৪)। তবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ বাড়ি ফিরেছেন লাশ হয়ে। আর তাঁর বন্ধু এখন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ফরহাদ সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকেরপাড়া এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে। তিনি বান্দরবান শহরে আচারের দোকান করতেন এবং শহরের বনরুপা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ফরহাদের বন্ধু হেলাল উদ্দিন (৩২) কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও নিহত ফরহাদের পরিবারের সূত্রে জানা যায়, ফরহাদ গতকাল রাত ১০টার দিকে বন্ধু হেলাল উদ্দিনের মোটরসাইকেলে বান্দরবান থেকে সাতকানিয়ার কেরানীহাটে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন। তাঁরা বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলচালক হেলাল উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি পড়ে গেলে হেলাল সড়কের পাশে ও ফরহাদ সড়কের ওপর ছিটকের পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা পূর্বাণী পরিবহন নামের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদ মারা যান।

নিহত ফরহাদের ছোট ভাই মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, ফরহাদ স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে বান্দরবান শহরের বনরুপা এলাকায় থাকতেন। গতকাল বন্ধুর মোটরসাইকেলে চড়ে বান্দরবান থেকে কেরানীহাটে ঈদের কেনাকাটা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।