ঈদের ছুটি ৯ দিন
পবিত্র শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছেন। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৬ জুলাই শনিবার অফিস করতে হবে। এর ফলে এবারের ঈদে টানা নয় দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং আনন্দমুখর পরিবেশে ঈদের ছুটি কাটাতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে।
সাধারণত ঈদের ছুটি তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। এ জন্য ৬ জুলাই ঈদ ধরে ৫, ৬ ও ৭ জুলাই এই তিন দিন ছুটি নির্ধারিত আছে। এর আগে ৩ জুলাই শবে কদরের ছুটি। পরদিন ৪ জুলাই ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। কিন্তু এখন এ দিনও ছুটি ঘোষণা করা হলো।
এখন দেখা যাচ্ছে, ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ৩০ জুন। কারণ ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পরের দুই দিন ৮ ও ৯ জুলাই আবার সাপ্তাহিক (শুক্র-শনিবার) ছুটি। অর্থাৎ ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত নয় দিন ছুটি কাটিয়ে ১০ জুলাই রোববার অফিস করবেন সরকারি চাকরিজীবীরা।