ঈদের ছু‌টি‌তে গ্রা‌মে ফেরা হ‌লো না মা-মে‌য়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঈদের ছু‌টি‌তে দুই ছে‌লে–‌মে‌য়ে ও স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেল‌ে দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন মো. হোসাইন (৪৫)। তবে একসঙ্গে বাড়ি ফেরা হয়নি তাঁদের।

আজ বুধবার ভোরে তেলবাহী লরির চাপায় হোসাইনের স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন।

নিহত মা–মেয়ে হলেন বিউটি আক্তার (৩৫) ও তাঁর মেয়ে ফাহিমা আক্তার (১৫)। এ ঘটনায় হোসাইন ও তাঁর ছেলে নাসরুল্লাহ (২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হোসাইনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার পাঁচটিকুড়ি গ্রামে।

হোসাইন বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পরিবার নিয়ে উপজেলার ফরক্কাবাদ এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, আজ ভোরে একই মোটরাসাইকেলে পরিবারের সবাইকে নিয়ে হোসাইন বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। ভোর পৌনে পাঁচটার দিকে মোটরসাইকেলটি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছালে বিপরীতগামী তেলবাহী একটি লরি মোটরসাইকেলকে চাপা দেয় দি‌য়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিউটি ও ফাহিমা নিহত হন। পরে স্থানীয় লোকজন হোসাইন ও নাসরুল্লাহকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ব‌লেন, দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে লরিটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হ‌বে।