ঈদের ছুটিতে জিলবুনিয়া খালের পাড়ে দর্শনার্থীর ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিলবুনিয়া খাল এখন অনেকটাই দৃষ্টিনন্দন লেক। এই লেকে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা। বুধবার পটুয়াখালী শহরের বি-টাইপ এলাকায়
ছবি: প্রথম আলো

পটুয়াখালী শহরের বি-টাইপ এলাকার জিলবুনিয়া খাল এখন অনেকটাই দৃষ্টিনন্দন লেক। ঈদে এই লেক ঘিরে দর্শনার্থীর ছিল উপচে পড়া ভিড়। লেকের পাড়ের হাঁটার পথ রংবেরঙয়ের বাতি দিয়ে সাজানো হয়েছে, যা সন্ধ্যার পর দর্শনার্থীরা বেশ উপভোগ করছেন।

পটুয়াখালী পৌরসভা সূত্রে জানা যায়, বি-টাইপ এলাকার জিলবুনিয়া খালটি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে ছিল। খালটি ভরাট হয়ে মজে গিয়েছিল। ২০২০-২১ অর্থবছর থেকে পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খালটি খনন করে দৃষ্টিনন্দন লেকে পরিণত করা হচ্ছে। এখন চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। খালটি আরও সুন্দর করে তুলতে নেওয়া হয়েছে নতুন কয়েকটি প্রকল্প। খালের এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াতে থাকবে ঝুলন্ত সেতু, পেডাল বোটসহ দুই পাড়ে বসার ব্যবস্থা। লেকের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা।

পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লেকটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, লেকের চারপাশে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের ভিড়। কেউ প্রিয়জনের সঙ্গে ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউবা তুলছেন সেলফি। এ সময় কথা হয় কালিকাপুর এলাকার গৃহবধূ নাজমা বেগমের সঙ্গে। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন লেকের পাড়ে। তিনি বলেন, করোনায় দুই বছরে কোথাও যেতে পারেননি। এবার সুযোগ এসেছে। সন্তানেরা বায়না ধরেছে লেক দেখবে। ঈদের দিন বৃষ্টির কারণে বের হননি তাঁরা। পরদিন সবাইকে নিয়ে চলে এসেছেন। শহরে বিনোদনের জন্য হাতেগোনা কয়েকটি স্পট হয়েছে। তবে লেকটি অন্য রকম। লেকটির কাজ শেষ হলে সৌন্দর্য আরও ফুটে উঠবে।

শহরের নতুন বাজার এলাকার কলেজছাত্রী আফরোজা রুনা বলেন, পটুয়াখালীতে আগে বিনোদনের তেমন কোনো জায়গা ছিল না। কিন্তু এখন শিশুপার্ক হয়েছে। এই লেক বিশেষ আকর্ষণ করেছে দর্শনার্থীদের। খুব ভালো লাগছে এখানে এসে। লেকটি পানিতে ভরে উঠলে সৌন্দর্য আরও বাড়বে।

পটুয়াখালী শহর আরও বাসযোগ্য করতে বিভিন্ন প্রকল্প চলমান আছে বলে জানিয়েছেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শহরবাসীর আনন্দ–বিনোদনের জন্য বেশ কয়েকটি স্পট তৈরি হবে। জিলবুনিয়া খালটি মরে শুকিয়ে গিয়েছিল। খালটি খননসহ লেকে রূপান্তরিত করে সাজানোর কাজ চলমান আছে। সব কাজ সম্পন্ন হলে দৃষ্টিনন্দন লেকে পরিণত হবে এটি। চলতি বছরেই লেকটির নির্মাণকাজ শেষ হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ঈদ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে দর্শনার্থীদের কথা চিন্তা করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।