ঈদের দিন হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুম আহমেদ
ছবি: সংগৃহীত

মাসুম আহমেদগাজীপুরের শ্রীপুরে গত বুধবার ঈদের দিন দিবাগত রাতে হামলায় আহত ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ মারা গেছেন। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাসুম আহমেদ (২৭) শ্রীপুরের বেরাইদেলচালা গ্রামের আবুল হোসেনের ছেলে। স্বজনেরা জানিয়েছেন, তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। মাসুম ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

মাসুমের বড় ভাই মো. মোরশেদের বরাতে এক প্রতিবেশী জানান, ঈদের দিন দিবাগত রাত তিনটার দিকে মাওনা চৌরাস্তা থেকে বাড়িতে ফেরেন মাসুম। বাড়িতে ফিরে তিনি নিজের থাকার কক্ষটি খোলা দেখতে পান। কক্ষের চাবিটি তাঁর মায়ের কাছে ছিল। তিনি কিছু বুঝতে না পেরে নিজের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে ধস্তাধস্তির শব্দ পান আশপাশের লোকজন। আগে থেকে সেখানে অবস্থান করা দুর্বৃত্তরা তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। শব্দ পেয়ে আশপাশের কক্ষের লোকজন বের হতে গিয়ে বুঝতে পারেন, তাঁদের কক্ষ বাইরে থেকে আটকানো।

একপর্যায়ে মাসুম নিজেই ভাইয়ের (মোরশেদ) কক্ষের বাইরের ছিটকিনি খুলে দেন। তবে মোরশেদ বের হওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মাসুম অচেতন হয়ে পড়ে যান। পরে তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয় তাঁকে। তাঁর বুকে ও মাথায় আঘাত ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘মাসুম আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করছেন। আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শোকবার্তা দিয়েছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘আমরা বৃহস্পতিবার রাতে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নিয়েছি। এ হামলার কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্তে প্রযুক্তির সহযোগিতা নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুত রহস্য উদ্‌ঘাটন করা যাবে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’