ঈশ্বরগঞ্জ পৌর মার্কেটে আগুনে পুড়ল ছয়টি দোকান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ শহরের পৌর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীর প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময়ের মধ্যে মার্কেটের ভেতরে জুতা, কাপড়, আতরের দোকানসহ একটি গুদামের মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে স্থানীয় লোকজন পৌর মার্কেটের ভেতরের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় মার্কেট বন্ধ থাকায় সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পানির উৎস খুঁজে পেতে কিছুটা বিলম্ব হওয়ায় সময়মতো কাজ শুরু করা যায়নি। তাই আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।