ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি, জাপার মুন্সিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হলেও এবার মাত্র ৩টিতে জয় পেয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মনোনয়নে মুন্সিয়ানা দেখানোয় গতবারের তুলনায় এবার ভালো করেছে। গতবার মাত্র একটিতে জয় পেলেও এবার তিনটি ইউপিতে জিতেছে তারা।

ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ১১টি ইউপি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবু হানিফা, সোহাগী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সরিষা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ভূঞা, আঠারবাড়ি ইউপিতে বর্তমান চেয়ারম্যান জুবের আলম (রূপক), জাটিয়া ইউপিতে নতুন প্রার্থী মো. মাহবুবুল হক, বড়হিত ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. শাহ জালাল, তারুন্দিয়া ইউপিতে নতুন মুখ হাসান মাহমুদ (রানা), উচাখিলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, রাজীবপুর ইউপিতে নতুন মুখ দেলুয়ার হোসেন, মগটুল ইউপিতে নতুন প্রার্থী মোশাররফ হোসেন আকন্দ, মাইজবাগ ইউপিতে নতুন মুখ মো. ফরিদ মিয়া।

আ.লীগের বিজয়ী তিনজন প্রার্থী হলেন সদর ইউপির মো. আবু হানিফা, আঠারবাড়ির জুবের আলম ও তারুন্দিয়ার হাসান মাহমুদ (রানা)। জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের মধ্যে মাইজবাগে সাইদুল আলম, উচাখিলা ইউপিতে আনোয়ার হোসেন ও ফকির রাজীবপুর ইউপিতে আবদুল আলী জয় পান। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সরিষা ইউপিতে মো. একরাম হোসেন ভূঞা, জাটিয়া ইউপিতে মো. শামছুল হক ও বড়হিত ইউপিতে আজিজুল হক ভূঁইয়া জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মগটুলা ইউপিতে মো. শিহাব উদ্দিন আকন্দ ও সোহাগী ইউপিতে কাদির আহম্মেদ ভূঁইয়া জয় পেয়েছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাজীবপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. দেলুয়ার হোসেন ৯টি ওয়ার্ড থেকে মোট ভোট পেয়েছেন ৩৫০টি। ওই ইউনিয়নে ৫ হাজার ৭৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির মো. আবদুল আলী ফকির। গতবারের নৌকার চেয়ারম্যান মো. মুদাব্বিরুল ইসলামসহ ৩ জন বিদ্রোহী প্রার্থী মিলে পেয়েছেন মোট ১৩ হাজার ৫৯৬টি ভোট। এ ইউনিয়নের কয়েকজন রাজনীতি সচেতন ব্যক্তি জানান, আওয়ামী লীগের ভোট বিভক্ত হয়ে পড়া এবং উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় দলটির ভরাডুবি হয়েছে। অন্যদিকে উপজেলার সোহাগী ইউনিয়নে নৌকার প্রার্থী মো. হাবিবুর রহমান ১ হাজার ৪৩৩ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কাদির আহম্মেদ ভূঁইয়া ৪ হাজার ৪৬ ভোট পেয়ে জয় পান।

জানতে চাইলে সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগের সদস্য মো. মাহবুবুর রহমান বলেন, সাংগঠনিকভাবে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত দুর্বল। দলের সাধারণ সম্পাদক আবদুল হেকিম মারা গেছেন। অনেক নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এবারের নির্বাচনে সেভাবে নৌকার প্রার্থীদের পক্ষে দলীয় প্রচার-প্রচারণা ছিল না। সহযোগী সংগঠন যুবলীগের কয়েকজন নেতা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছেন। এসব মোকাবিলায় দক্ষতা দেখাতে পারেনি আওয়ামী লীগ। তাই এই বিপর্যয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল খায়ের বলেন, ‘আমরা নৌকার প্রার্থীদের বিজয়ী করতে চেষ্টা করেছি। কিন্তু ভোটের মাঠে অনেক ইউপিতে নৌকার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি।’ ভুল লোককে মনোনয়ন দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা বলতে পারি না।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম (বুলবুল) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা মাঠপর্যায়ে নৌকার প্রার্থীদের সরাসরি বিরোধিতা করেছেন। এ জন্য নৌকার প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। মাইজবাগ ইউনিয়নে নৌকার প্রার্থী মো. ফরিদ মিয়া মাত্র ছয় ভোটে হেরেছেন। তবে রাজীবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ৩৫০ ভোট পাওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, তিনি গরিব। নির্বাচনে টাকাপয়সা খরচ করতে পারেননি তিনি। তা ছাড়া দলের নেতারা তাঁকে সহায়তা করেননি। এসব বিষয়ে বিস্তারিত তিনি জেলা আওয়ামী লীগের সভায় তুলে ধরবেন বলে জানান তিনি।