ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের মৃগালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোজাম্মেল হোসেন (৩০) নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের সাভার গ্রামের বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
মোজাম্মেল হোসেনের বাবা ফরিদ মিয়া আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোজাম্মেল ময়মনসিংহ জেলার বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গতকাল সোমবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়িতে না ফেরায় ছেলের মুঠোফোনে কল দেন।
মোজাম্মেল বাবাকে জানিয়েছিলেন, যাত্রী নিয়ে দূরে আছেন। পরে রাত ১১টার দিকে ফোন করে মোজাম্মেল বিপদে পড়ার কথা জানান। কয়েকজন তাঁর অটোরিকশাটি জোর করে ছিনিয়ে নিতে চাইছেন বলে জানান। বাবাকে দ্রুত ২০ হাজার টাকা পাঠাতে বলেন মোজাম্মেল। টাকার বন্দোবস্ত করে কল দিলে ছেলের মুঠোফোন ফোন বন্ধ পান ফরিদ মিয়া। আজ সকালে মৃগালী এলাকায় একজনের লাশ পড়ে থাকার খবর পান তিনি। পরে সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন বাবা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের মিয়া বলেন, পুলিশ অটোরিকশাটির খোঁজ করছে। জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।