ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরিচারচর মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মরিচারচর মাইজপাড়া গ্রামের বাসিন্দা আবদুল হেকিম প্রথম আলোকে বলেন, ‘২ নম্বর ওয়ার্ডের মরিচারচর মাইজপাড়া গ্রাম থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিলেন মো. আবুল বাশার। অন্যদিকে পাশের মলামারি গ্রাম থেকে প্রার্থী ছিলেন মো. লিটন মিয়া, মফিজ উদ্দিন ও ফাখরুল ইসলাম। নির্বাচনে আবুল বাশার বিজয়ী হন। এ কারণে পরাজিত প্রার্থীদের সমর্থকেরা আমাদের গ্রামে হামলা চালিয়েছেন।’
তিনি আরও বলেন, নির্বাচনের দিন দুই পক্ষের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের বাইরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আবুল বাশারের জয়ী হওয়া ও নির্বাচনের দিনের অপ্রীতিকর ঘটনার জের ধরে গতকাল রাতেও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। স্ট্রাইকিং ফোর্সের পুলিশ সদস্যরা গ্রামে থাকায় কোনো পক্ষ রাতে আর বাড়াবাড়ি করেনি।
মো. জুবায়ের হোসেন (৪০) নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, পাশের মলামারী গ্রাম থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে হঠাৎ করে তাঁদের গ্রামে হামলা চালান। মুগুর-জাতীয় বস্তু দিয়ে ৪০টির মতো টিনের ঘরের বেড়া ভেঙে দেন তাঁরা। কৃষক বিল্লাল হোসেন বিলাপ করে বলেন, অনেক চেষ্টার পরে তিনি বসতঘর নির্মাণ করেছিলেন। তার সেই ঘর ও খড়ের গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে। আবদুল মজিদ নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাঁর একটি গরু পিটিয়ে মেরে ফেলেছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলায় বিজয়ী ইউপি সদস্য আবুল বাশারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা তাঁর দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। হামলার সময় নলকূপ ও শৌচাগার ভেঙে ফেলা হয়। এ ছাড়া হামলাকারীরা ১৭টি খড়ের গাদায় আগুন দেন।
দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, মরিচারচর মাইজপাড়া গ্রামের খড়ের গাদাগুলোতে আগুন জ্বলছে। গ্রামের লোকজন বালতি হাতে পানি সংগ্রহের জন্য দৌড়াদৌড়ি করছেন। ফাতেমা নামের এক নারী জানান, তাঁর শৌচাগার ও নলকূপটি ভেঙে দিয়েছেন হামলাকারীরা। এখন প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁকে জঙ্গলে যেতে হচ্ছে।
হামলার ঘটনায় বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকেরা পরাজিত তিন সদস্য প্রার্থীকে দায়ী করেছেন। এ ছাড়া হামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম (ঘোড়া প্রতীক) মদদ দিয়েছেন বলে ওই গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন।
হামলা চালানোর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে গিয়েও তাঁদের বক্তব্য পাওয়া যাওয়া যায়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ ইউপির সাবেক সদস্য মমতাজ উদ্দিন বলেন, ‘নিজেরা হামলা চালিয়ে আমাদের ওপর দোষ দিতে চাইছে।’ পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি চেয়ারম্যান প্রার্থী। হামলার ঘটনার সঙ্গে আমার কোনো যোগসাজশ নেই।’
মরিচারচর মাইজপাড়ার বাসিন্দা মো. জুবায়ের হোসেন (৪০) বলেন, তিনি পুলিশের সাহায্য চেয়ে থানায় ফোন করেছিলেন, কিন্তু পুলিশ আসেনি। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তা চান। গ্রামের প্রবেশপথে ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি দেখা মিললেও দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে পুলিশের নজরদারি রয়েছে। হামলার শিকার ক্ষতিগ্রস্ত লোকজন লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।