ঈশ্বরদীতে আট মাস ওষুধ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং ৫৬টি স্যাটেলাইট ক্লিনিকে প্রায় আট মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ আছে। এতে প্রান্তিক রোগীরা সেবাবঞ্চিত হচ্ছেন।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, আগে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ৭০-৮০ জন রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হতো। ওষুধ না থাকায় শুধু ব্যবস্থাপত্র দিয়ে বিদায় দেওয়া হচ্ছে প্রান্তিক মানুষকে। বর্তমানে তিন থেকে চারজন রোগী স্বাস্থ্যকেন্দ্রে আসেন। তাঁরাও ওষুধ না পেয়ে মন খারাপ করে ফিরে যান। কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে রোগী আসা বন্ধ হয়ে গেছে।
গতকাল শনিবার দুপুরে পাকশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ছয়জন কর্মকর্তা-কর্মচারী বসে অলস সময় পার করছেন। সেখানে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা নাসরিন সুলতানার সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ওষুধ সরবরাহ না থাকায় রোগীর উপস্থিতি কমে গেছে।
পাকশীর দিয়াড় বাঘইল গ্রামের অপি খাতুনের (২৭) সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর মহল্লার তিনজন রোগী প্রায় ১৫ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের খোঁজ নিতে আসেন। কিন্তু ওষুধ পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হচ্ছে, ওষুধ নেই। ব্যবস্থাপত্র নিয়ে অন্য কোথাও থেকে ওষুধ কিনে নেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মা-শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়ন ও বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিক চালু করা হয়। সেখানে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। প্রতি মাসে তিন হাজার নারী-শিশু, অন্তঃসত্ত্বা নারী ও সাধারণ লোক ওষুধ ও স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন। কিন্তু জানুয়ারি থেকে ওষুধ সরবরাহ বন্ধ। সপ্তাহে দুই দিন স্যাটেলাইট ক্লিনিক চালু করা হলে সেখানেও ওষুধ পাওয়া যাচ্ছে না। শুধু রোগীদের পরিবার পরিকল্পনাবিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলার বাঘইল গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ওষুধ না থাকায় স্যাটেলাইট ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা কিছু সময় ক্লিনিকে কাটিয়ে চলে যান। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, জানুয়ারি থেকে স্বাস্থ্যকেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় তাঁদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। ৫৬টি স্যাটেলাইট ক্লিনিকের একই অবস্থা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান বলেন, ওষুধ সরবরাহ না থাকায় কার্যত স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। জরুরিভাবে ওষুধ সরবরাহের জন্য তিনি জেলা কার্যালয়ের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় দপ্তরকে অনুরোধ করেছেন। কিন্তু সেখান থেকে ওষুধ সরবরাহ না করায় সংকট দেখা দিয়েছে।