ঈশ্বরদীর খামারিদের দুধ নিচ্ছে না মিল্ক ভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুধের ঘনত্ব কম’—এ কারণ দেখিয়ে পাবনার ঈশ্বরদীর ১০০ দুগ্ধ উৎপাদন খামারির কাছ থেকে দুধ কেনা বন্ধ করে দিয়েছে মিল্ক ভিটার স্থানীয় ক্রয়কেন্দ্র। সাত মাস যাবৎ দুধ বিক্রি করতে না পারায় মিল্ক ভিটা সমিতির নিবন্ধনভুক্ত পাকুরিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির খামারিরা লোকসানের মধ্যে পড়েছেন। এ অবস্থায় অনেক খামারি মিল্ক ভিটা সমিতির ঋণ পরিশোধে গরু পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন।

উপজেলার লক্ষ্মীকুণ্ডায় ‘পাকুরিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি.’ নামে ২০০৬ সালে দুগ্ধ খামারিদের সমিতি গড়ে ওঠে। মিল্ক ভিটার নিবন্ধিত সমিতি হিসেবে খামারিরা ওই বছর থেকে মিল্ক ভিটায় দুধ বিক্রি শুরু করেন। গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ লিটার দুধ বিক্রি করত সমিতি। প্রতি লিটার সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি করত সমিতি।

খামারিরা জানান, গত ১৭ ফেব্রুয়ারি ঈশ্বরদী শহরের অরণকোলায় অবস্থিত মিল্ক ভিটার শীতলীকরণ কেন্দ্র (ক্রয়কেন্দ্র) থেকে মৌখিক নোটিশে তাঁদের জানানো হয়, এখন থেকে ২৭ ল্যাকটোমিটার ঘনত্বের নিচে মিল্ক ভিটা আর দুধ কিনবে না। এরপর থেকেই খামারিদের কাছ থেকে দুধ কেনা বন্ধ করে দিয়েছে মিল্ক ভিটা কর্তৃপক্ষ। খামারিরা মিল্ক ভিটার স্থানীয় কার্যালয়ে অনুনয়বিনয় করেও আর দুধ বিক্রি করতে পারছেন না।

পাকুরিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত খামারি আমিরুল ইসলাম বলেন, ‘তন্ময় ডেইরি ফার্ম’ নামে তাঁর খামারে প্রতিদিন ৩৩০ লিটার দুধ উৎপাদিত হতো। কিন্তু হঠাৎ ২৭ ল্যাকটোমিটার ঘনত্বের দুধ কেনার সিদ্ধান্তে এখন তাঁকে একেবারে লোকসান দিয়ে দুধ বিক্রি করতে হচ্ছে। গত সাত মাসে তাঁর লক্ষাধিক টাকা লোকসান হয়েছে। আর সমিতির লোকসান হয়েছে ১৫ লাখ টাকা।

লক্ষ্মীকুণ্ডার পাকুরিয়া, বিলকেদা, এমপির মোড় এলাকা ঘুরে সম্প্রতি জানা গেছে, মিল্ক ভিটায় দুধ দিতে না পারায় খামারিরা গ্রামে মানুষের বাড়ি-বাড়ি, বিভিন্ন ঘোষ, মিষ্টির দোকান ও হোটেলে লোকসান দিয়ে দুধ বিক্রি করছেন। ৪০ টাকার পরিবর্তে প্রতি লিটার দুধ এখন তাঁরা ২২ থেকে ২৫ টাকায় বিক্রি করছেন। নগদ টাকাও পাচ্ছেন না।

বিলকেদা গ্রামের খামারি সুজন বিশ্বাস বলেন, মিল্ক ভিটা দুধ না কেনায় সাত মাস ধরে তিনি প্রতি লিটার দুধ ১০ থেকে ১৫ টাকা লোকসানে বিক্রি করছেন। অথচ খামারে প্রতিটি দুধেল গরুর পেছনে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা খরচ হয়।

এখানকার ৩০ থেকে ৪০ জন খামারি বলেন, সাত মাস ধরে মিল্ক ভিটায় দুধ বিক্রি বন্ধ থাকায় তাঁদের ওপর দিয়ে দুর্যোগ বয়ে যাচ্ছে। অনেকে মিল্ক ভিটার কাছ থেকে নেওয়া ঋণের টাকাও পরিশোধ করতে পারছেন না। এ ছাড়া রয়েছে সংসার চালানো ও খামারের খরচ।

পাকশীর চররূপপুর গ্রামের আবদুস সামাদ বলেন, মিল্ক ভিটা থেকে তিনি ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে গরু কিনেছিলেন। দুধ বিক্রি করতে না পারায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না।

পাকুরিয়া গ্রামের আবদুর রহমান বলেন, মিল্ক ভিটায় দুধ বিক্রি করতে না পেরে লোকসানের কারণে তাঁর খামারের চারটি গরুর মধ্যে তিনটিই বিক্রি করে দিয়েছেন। ওই গ্রামের আবদুস সবুর মণ্ডলেরও একই অবস্থা। তিনিও খামার থেকে চারটি গরু বিক্রি করে দিয়েছেন। তাঁর খামারটি এখন বন্ধের উপক্রম। খামারিরা বলেন, উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন থেকে মিল্ক ভিটা সবচেয়ে বেশি দুধ নিত। কিন্তু সেখানে দুধ দিতে না পারায় বর্তমানে খামারিরা বিপাকে আছেন।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীকুণ্ডায় সরকারি হিসাবে ২৩ হাজার ৭০০ গরু রয়েছে। এর মধ্যে গাভি ছয় হাজার। খামারি আছেন ৩০০ জন। নিবন্ধনভুক্ত খামারের সংখ্যা ১০০। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামান বলেন, তিনি সদ্য বদলি হয়ে এখানে এসেছেন। লোকমুখে লক্ষ্মীকুণ্ডার দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির কাছ থেকে মিল্ক ভিটার দুধ না নেওয়ার বিষয়টি জানতে পেরেছেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) এস এম ইদ্রিস বলেন, ‘মিল্ক ভিটার প্রধান কার্যালয়ের নির্দেশে ২৭ ল্যাকটোমিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের মানসম্মত দুধ সরবরাহের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের করার কিছু নেই।’

মিল্ক ভিটা ঈশ্বরদীর অরণকোলা দুধ শীতলীকরণ কেন্দ্রের (ক্রয়কেন্দ্র) ইনচার্জ আসাদুজ্জামান বলেন, শুধু পাকুরিয়া সমিতিই নয়, এ ধরনের সমস্যার কারণে ঈশ্বরদীর আরও কয়েকটি সমিতির খামারিরাও দুধ বিক্রি করতে পারছেন না।

পাবনার জেলা প্রশাসক রেখা রানি বালো মুঠোফোনে বলেন, ঈশ্বরদীর কয়েকজন দুগ্ধ খামারি তাঁদের সমস্যা নিয়ে ১৭ সেপ্টেম্বর সকালে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের এ সমস্যার একটা সমাধান হওয়া দরকার। এ জন্য তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।