উঁচু সেতুতে যাতায়াতে মানুষের দুর্ভোগ

পেছন থেকে কেউ ধাক্কা না দিলে সেতুর ওপর গাড়ি ওঠানো যায় না। নামতেও হয় ঝুঁকি নিয়ে। প্রায় উল্টে যায় যানবাহন। সেতুতে হেঁটে ওঠাই কষ্টকর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর সংযোগ সড়ক নিচু হওয়ায় যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের গতমপুর এলাকায়
ছবি: প্রথম আলো

সেতুটির দুই পাশের সংযোগ সড়ক এতটা নিচু যে সেতুতে হেঁটে ওঠাই কষ্টকর। যানবাহন বা পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে ভোগান্তির শেষ থাকে না। পেছন থেকে কেউ ধাক্কা না দিলে সেতুর ওপর গাড়ি ওঠানো যায় না। নামতেও হয় ঝুঁকি নিয়ে। প্রায় উল্টে যায় যানবাহন। দুর্ভোগে পরিণত হওয়া সেতুটি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের গতমপুর গ্রামে।

সরেজমিন দেখা যায়, সেতুর দক্ষিণ পাশে গুমপুর বাজার। বাজারের ভেতর দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে। বাজারের সঙ্গে পদ্মার কূলের ওপর একটি বড় আকারের সেতু। পাকা রাস্তা থেকে সেতুর সংযোগ সড়কও পাকা করা। কিন্তু সেতু থেকে নিচু। সেতুর উল্টো পাশে মাটির কাঁচা রাস্তা ধসে গেছে। রাস্তা সেতু থেকে খাড়া ঢালু হয়ে নিচে নেমে গেছে। এই পাশেই ভোগান্তি বেশি।

এই সেতু দিয়ে ছোট ট্রাক, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল যাতায়াত করে। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষের চলাচল। ঘোড়া বা মহিষের গাড়িকে উল্টো পাশ দিয়ে সেতুতে ওঠার সময় ধাক্কা দিতে মানুষের জন্য অপেক্ষা করতে হয়। মাঠের কৃষকেরা যাতায়াত করার সময় এসব গাড়ি ধাক্কা দিয়ে সেতুতে ওপর তুলে দেন।

গতমপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, এই সেতু ব্যবহার করে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে পাবনায়ও
যাতায়াত করা যায়। প্রতিদিন মাঠ থেকে প্রচুর পরিমাণে ফসল আনা হয়। কিন্তু সেতুর দুই পাশেই খুব ঢালু। এতে ঘোড়ার গাড়ি, মহিষের গাড়িসহ ছোট যানবাহন নিয়ে সেতু পারাপার হতে খুব সমস্যা হয়। সরকার অনেক টাকা খরচ করে এই সেতু তৈরি করেছে। কিন্তু দুই পাশের রাস্তার সমস্যার কারণে স্থানীয় মানুষের যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে।

ঘোড়ার গাড়িওয়ালা আইয়ুব খান বলেন, ‘আমি প্রতিদিন এই সেতু দিয়ে পাঁচ থেকে সাতবার যাতায়াত করি। কিন্তু সেতু খুব চড়ান। ঘোড়া নিয়ে সেতুতে উঠতে খুব সমস্যা হয়। ঘোড়া একা একা সেতুতে উঠতে পারে না। পেছন থেকে গাড়ি ধাক্কা দিতে হয়। এ কারণে কখন এদিক দিয়ে কৃষক যাতায়াত করবেন, তার জন্য অপেক্ষা করতে হয়। আর বর্ষাকালে বা বৃষ্টির দিনে তো দুর্ভোগের সীমা থাকে না।’

মনিরুল ইসলাম নামের একজন বলেন, এই রাস্তায় তিনি ছোটবেলা থেকে কখনো কাজ করা দেখেননি। রাস্তাটির উন্নয়ন করা খুব জরুরি। প্রায়ই সেতুতে উঠতে গিয়ে ঘোড়ার গাড়ি উল্টে যায়। কয়েক দিন আগেও এমন একটা দুর্ঘটনা ঘটে। পরে মাঠ থেকে কৃষকেরা দৌড়ে এসে ঘোড়াটি উদ্ধার করেন। মানুষ এসব নিয়ে খুব ভোগান্তির মধ্যে রয়েছে।

আকবর আলী বিশ্বাস বলেন, সেতুটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আশপাশের আট-দশটি গ্রামের মানুষ নিয়মিত এই সেতু ব্যবহার করে। কিন্তু সেতুর দুই পাশের রাস্তাই খুব নিচু। আবার দক্ষিণ পাশের দিকে সেতু থেকে সোজা নামার জন্য সংযোগ সড়কটি খুব ছোট। সেতু থেকে নেমে পূর্ব বা পশ্চিম দিকে যেতে হয়। সব মিলিয়ে খুব ঝামেলায় পড়তে হয় সেতু দিয়ে যাতায়াতকারীদের। বিষয়টি সমাধান করতে পারলে খুব উপকার হতো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০৪ সালের দিকে ওই সেতু নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ১২০ মিটার। চওড়া ১২ ফুট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান বলেন, সেতুটির বিষয়ে অবগত আছেন তিনি। রাস্তার উন্নয়নের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে সেতুর রাস্তার উন্নয়নকাজ করা সম্ভব হবে।

হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান বলেন, সেতুটির দুই পাশের রাস্তা নিচু থাকার কারণে যাতায়াত করতে খুব সমস্যা হয়। বিশেষ করে এক পাশে বেশি সমস্যা হয়। বিষয়টি তাঁর জানা আছে। ছয় মাসের মধ্যে ওই রাস্তায় মাটি ভরা হবে।