উকিল হওয়ার স্বপ্ন চা বিক্রেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা বিক্রেতা হারুন মিয়া
ছবি: প্রথম আলো

অভাব–অনটনের কারণে কম বয়সেই সংসারের হাল ধরতে হয় হারুন মিয়াকে। এর ফলে স্কুল থেকে ঝরে পড়েন তিনি। পরে গৌরীপুর পৌর শহরের কালিখলা এলাকায় চায়ের দোকান দেন। এরপরও থেমে থাকেননি। দিনে চা বিক্রি করে চালিয়েছেন সংসার। গভীর রাতে বাড়িতে ফিরে বসেছেন বই নিয়ে। এভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন হারুন। এখন তাঁর স্বপ্ন পড়াশোনা শেষ করে নামকরা উকিল হওয়ার।

হারুন মিয়ার বাড়ি গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামে। তাঁর বাবা আবদুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে হারুন পঞ্চম। চা বিক্রি করে ছোট এক বোনের পড়াশোনার খরচও চালান তিনি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা জানিয়েছেন, চা–দোকান চালানোর ক্ষেত্রেও ব্যতিক্রম হারুন। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ কোনো দিন দোকান বন্ধ রাখতে হলে দোকানের নিয়মিত গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দেন তিনি।

হারুন মিয়া বলেন, ‘আমি আরও পড়াশোনা করতে চাই। যেন পড়াশোনা শেষ করে উকিল হতে পারি, এটাই স্বপ্ন আমার।’

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আবদুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাস করে ঝরে পড়া যে কেউ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই। এ সুযোগই নিয়েছেন হারুন। তিনি ২৪ বছর বয়সে এসএসসি পাস করে দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে সব বয়সেই পড়াশোনা করা সম্ভব।