উখিয়ায় অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের একটি বসতঘর থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলিসহ একজন রোহিঙ্গাকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটক রোহিঙ্গার নাম মোহাম্মদ ইলিয়াছ (৪৫)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের এফ-২ ব্লকের নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়।

মোহাম্মদ ইলিয়াছ উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের এফ-২ ব্লকের বাসিন্দা সোনা মিয়া ওরফে সোনা আলীর ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াছের বসতঘর থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলিসহ তাঁকে আটক করেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে উখিয়া থানা–পুলিশে সোপর্দ করে মামলা করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ প্রথম আলোকে বলেন, অস্ত্র-গুলিসহ আটক রোহিঙ্গাকে সন্ধ্যায় কক্সবাজার আদালতে পাঠানো হবে।