উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ দুই তালিকাভুক্ত সন্ত্রাসীসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার ভোরে উখিয়ার ক্যাম্প-১৬–এর ডি–ব্লক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মোহাম্মদ ইলিয়াছ (৩৫), ই/৩ ব্লকের সৈয়দ আহম্মদ (৩৮) ও বি/১ ব্লকের সানাউল্লাহ (৪৮)।
৮ এপিবিএন সূত্র জানিয়েছে, মৌলভী নুর মোহাম্মদ ও সানাউল্লাহ আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের কাছ থেকে দুটি ছোরা, একটি দা, দুটি লোহার পাত ও দুটি রড উদ্ধার করা হয়।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভিযানে যান। এ সময় ১৮-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
কামরান হোসেন বলেন, গ্রেপ্তার চারজনের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত সাতটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেপ্তার চারজনকে দুপুরে কক্সবাজার হাকিম আদালতে পাঠানো হয়েছে।